ওয়াসার পানি যাবে দক্ষিণ চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা ও বোয়ালখালী উপজেলায় পানি সরবরাহ করবে ওয়াসা।
দক্ষিণ চট্টগ্রামের ওই তিন উপজেলায় পানি সরবরাহের জন্য ‘ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্প’ নামের প্রকল্প নেওয়া হয়েছে। চট্টগ্রাম ওয়াসার এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ৩৬ কোটি টাকা। ৫ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) প্রকল্পটি অনুমোদন পেয়েছে। এটি বাস্তবায়িত হলে দৈনিক ছয় কোটি লিটার পানি উৎপাদন করা হবে।
বোয়ালখালী উপজেলার জৈষ্ট গ্রামের ভান্ডালজুড়ি খালের পাড়ে এই প্রকল্পের শোধনাগার তৈরি করা হবে। সেখান থেকে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) ও কাফকোসহ ওই তিন উপজেলার শিল্পাঞ্চলে পানি সরবরাহ করা হবে।
ওয়াসা সূত্র জানায়, প্রকল্পে বেশির ভাগ অর্থায়ন করবে কোরিয়ান এক্সিম ব্যাংক। গত বছরের ২৬ নভেম্বর চট্টগ্রাম ওয়াসা ও কোরিয়ান এক্সিম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পের জন্য ব্যাংকটি ৭৫৪ কোটি টাকা ঋণ দেবে। বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রকল্প বাস্তবায়নের ফলে যে পানি উৎপাদিত হবে, তার ৭৫ ভাগ সরবরাহ করা হবে শিল্পাঞ্চলের জন্য। বাকি ২৫ ভাগ বরাদ্দ থাকবে আবাসিক গ্রাহকদের জন্য।
দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও পটিয়ায় কেইপিজেড, দেশের অন্যতম বৃহৎ সার কারখানা কাফকো, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র ও বেসরকারি সাদ মুসা শিল্পপার্কসহ বিভিন্ন শিল্পকারখানা রয়েছে। কিন্তু সেসব এলাকায় ওয়াসার পানির সরবরাহ নেই।
এ ছাড়া সুপেয় পানির ব্যবস্থা না থাকায় তৃতীয় শাহ আমানত সেতুর দক্ষিণ পাড়ে সিডিএর কর্ণফুলী আবাসিক এলাকায় দুই দশকেও বসতি গড়ে তোলা সম্ভব হয়নি। ওই এলাকার ভূগর্ভস্থ পানিতে অতিরিক্ত আয়রন ও লবণ থাকায় তা ব্যবহারের উপযোগী নয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এই আবাসিক এলাকায় পানি সরবরাহ করা হবে। এই প্রকল্পের আওতায় পানি সরবরাহ করা হবে নগরের কালুরঘাট শিল্পাঞ্চলেও।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগর সম্প্রসারণ ও জেলায় আরও শিল্পকারখানা গড়ে তোলার পরিকল্পনা আছে সরকারের। আনোয়ারায় অর্থনৈতিক অঞ্চল স্থাপন হবে। তখন সেখানে পানির প্রয়োজন হবে। সবকিছু মিলিয়ে ওই সব এলাকায় পানি সরবরাহ জরুরি।
চট্টগ্রাম ওয়াসা সূত্র জানায়, ২০০৯ সালে কোরিয়ার রাষ্ট্রীয় দাতা সংস্থা কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) চট্টগ্রামের পানি ও পয়োনিষ্কাশন নিয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরি করে দেয়। ওই মাস্টারপ্ল্যান অনুযায়ী চট্টগ্রামের দক্ষিণ অংশে পানি সরবরাহের উদ্যোগ নেয় ওয়াসা। কোরিয়ান এক্সিম ব্যাংক অর্থায়নের আগ্রহ দেখিয়ে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করে। তাদের প্রতিবেদন অনুযায়ী ২০৩১ সাল নাগাদ ওই অঞ্চলে পানির চাহিদা নির্ধারণ করা হয় দৈনিক ছয় কোটি লিটার। এর মধ্যে দেড় কোটি লিটারের মতো ব্যবহার হবে আবাসিক গ্রাহকদের জন্য। বাকি সাড়ে চার কোটি লিটার ব্যবহার হবে শিল্প খাতে।
প্রকল্পটির পরিচালক ও চট্টগ্রাম ওয়াসার নির্বাহী প্রকৌশলী মাহবুবুল আলম বলেন, ‘প্রকল্পটির পানি শোধনাগার নির্মাণের জন্য আমরা জেলা প্রশাসনের কাছে ৫০ একর জমি চেয়েছি। প্রকল্প এলাকার আশপাশের প্রায় সব জমিই অনাবাদি খাসজমি। আশা করছি, দ্রুত জমি পেয়ে যাব।’
ওয়াসার কর্মকর্তারা জানান, প্রকল্পের আওতায় পটিয়া ও আনোয়ারায় কেইপিজেডে দুটি জলাধার তৈরি করা হবে। সরবরাহ ও বিতরণের জন্য মোট ১১৩ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হবে। প্রকল্পের মেয়াদকাল ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২০ সালের সেপ্টেম্বর।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, ওয়াসার এই প্রকল্প শিল্পকারখানার সম্প্রসারণে খুবই ইতিবাচক ভূমিকা রাখবে।