কওমি সনদের সরকারি স্বীকৃতি 'গভীর ষড়যন্ত্রমূলক আঁতাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি ‘গভীর ষড়যন্ত্রমূলক আঁতাত’ বলে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি। সংগঠনের নেতারা দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত আত্মঘাতী। এর ফলে দেশে জঙ্গিগোষ্ঠীর সাহস আরও বাড়বে। সরকারের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডকে এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করবে।

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি করেন সমন্বয় কমিটির নেতারা। কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি বাতিলের দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সমন্বয় কমিটির সদস্যসচিব মোছাহেব উদ্দিন বখতেয়ার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কওমি মাদ্রাসাকে সরকারি সনদ দেওয়ার ঘোষণা দিয়ে সরকার জাতিকে স্তম্ভিত করেছে। যারা কখনো সরকারের আনুগত্য মানেনি, সরকারি নিয়মকানুন মেনে চলেনি, যাদের পাঠ্যসূচি সরকার অনুমোদিত নয়, তাদের মাদ্রাসাশিক্ষা পুরস্কৃত করার ঘোষণা হতাশাজনক।

 সরকারের এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে কাল সোমবার ও পরদিন মঙ্গলবার জেলা–উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি। একই দাবিতে ২০ এপ্রিল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সমন্বয় কমিটি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আহলে সুন্নাতের প্রধান সমন্বয়ক মাওলানা এম এ মতিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মান্নান, সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, মাওলানা স উ ম আবদুস সামাদ, অধ্যক্ষ আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দীন, অধ্যক্ষ মাওলানা ইছমাইল নোমানী, কাজী সোলাইমান চৌধুরী প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, এ পর্যন্ত জঙ্গি হিসেবে হাতেনাতে ধরা পড়া, এমনকি প্রশিক্ষণরত অবস্থায়ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কওমি মাদ্রাসার ছাত্র রয়েছে। লালখান বাজার কওমি মাদ্রাসায় কয়েক বছর আগে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে। সম্প্রতি মুফতি হান্নানসহ যেসব জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তারাও কওমি শিক্ষায় শিক্ষিত। অথচ হঠাৎ করেই জঙ্গিগোষ্ঠীকে শাস্তির বদলে পুরস্কৃত করার ঘটনা ‘তামাশা’।

কওমি মাদ্রাসাকে সরকারি সনদ দেওয়ার ঘোষণা প্রত্যাহার করে, দেশে একমুখী মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানান আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা। তাঁরা বলেন, সরকারের মাদ্রাসা শিক্ষানীতি রহস্যময়। সরকারিভাবে পরিচালিত আলিয়া মাদ্রাসাসমূহকে সাধারণ শিক্ষার পর্যায়ে এমনভাবে নিয়ে আসা হয়েছে, যাতে ভবিষ্যতে এসব মাদ্রাসা থেকে কোনো যোগ্য আলেম, মুফতি উঠে না আসেন। অন্যদিকে কোনো ধরনের সংস্কার না করে কওমি মাদ্রাসার সনদকে সরকারি স্বীকৃতি দেওয়ায় উগ্রপন্থী ভাবধারা উৎসাহিত হবে।