কক্ষসংকটে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়, নেই সীমানা দেয়াল

ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। সম্প্রতি সিরাজগঞ্জের রায়গঞ্জেপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৭ সালে বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান লাভ করে। রাজশাহী বিভাগ ও সিরাজগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে। বেশ কয়েকবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার সম্মানও আছে। অথচ বিদ্যালয়টিতে কক্ষসংকটের কারণে শিক্ষার্থীদের বসতে হয় গাদাগাদি করে।

বিদ্যালয়টি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্তমানে বিদ্যালয়টিতে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম পর্যন্ত ৬টি শ্রেণিতে ৪১৫ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। এর মধ্যে ২৩৪ জন ছাত্র ও ১৮১ জন ছাত্রী। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শতাধিক শিক্ষার্থী পড়ালেখা করছে এ বিদ্যালয়টিতে।

গতকাল সোমবার বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, দুটি পাকা ভবনে শ্রেণিকক্ষ সাতটি। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বসার জন্য ব্যবহার করা হচ্ছে আরও দুটি কক্ষ। বেশ কয়েক বছর আগে ঝড়ে টিনশেডের কক্ষগুলো বিধ্বস্ত হওয়ায় সংকট তৈরি হয়েছে। জানা গেল, বিধ্বস্ত হওয়া কক্ষগুলো পরে আর মেরামত হয়নি।

প্রধান শিক্ষক সুলতান মাহমুদ তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি কক্ষসংকটে পড়েছে। প্রয়োজনীয় সংখ্যক কক্ষ না থাকায় প্রতিটি কক্ষে গাদাগাদি করে শিক্ষার্থীরা বসে পড়ালেখা করছে।

চতুর্থ শ্রেণির ছাত্রী সিনথিয়া রহমান বলে, তাদের শ্রেণির ৭৮ জন ছাত্র-ছাত্রী ২টি শাখায় ক্লাস করে। একসঙ্গে একটি কক্ষে প্রায় ৪০ জন ছাত্র-ছাত্রী বসে।

২০১০ থেকে ২০১৯ পর্যন্ত বিদ্যালয়টির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে দেখা যায়, জিপিএ-৫ পেয়েছে ২৫২ জন। এ সময়ে বৃত্তি পেয়েছে ৮৬ জন।

দুজন সহকারী শিক্ষক বলেন, কক্ষসংকটের কারণে প্রতিটি কক্ষে শিক্ষার্থীদের গাদাগাদি করে ক্লাস করতে হয়। প্রায় বছর দুই আগে বিদ্যালয়ের পশ্চিম পাশে সীমানা দেয়াল তৈরির কাজ শুরু হলেও এখনো শেষ হয়নি।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, নতুন ভবন নির্মাণ, পুরোনো টিনশেডের কক্ষগুলো মেরামতসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

রায়গঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, নিমগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন একটি ভবন নির্মাণের চাহিদাপত্র দেওয়া হয়েছে।