কক্সবাজার ঘুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

কক্সবাজার ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মধ্য রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহার সিকদারের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

দুই বন্ধু হলেন নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর করিমপুর এলাকার মৃত নূর হোসেনের ছেলে মোহাম্মদ সালাহ উদ্দিন (২৭) ও একই এলাকার তোফায়েল আহমেদের ছেলে তৌহিদ আহমেদ শামিম (৩২)।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, তিন দিন আগে নোয়াখালীর চৌমুহনী থেকে মোটরসাইকেলে দুই বন্ধু কক্সবাজারে বেড়াতে যান। ভ্রমণ শেষে গতকাল রাতে বাড়ি ফিরছিলেন তাঁরা। রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল নিয়ে সাতকানিয়ার ছদাহার সিকদারের দোকান এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তাঁদের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। তাঁরা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।

নিহত সালাহ উদ্দিনের মামাতো ভাই মোহাম্মদ ফরহাদ প্রথম আলোকে জানান, দুই বন্ধু মিলে মোটরসাইকেলে কক্সবাজারে বেড়াতে যান। ভ্রমণ শেষে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় দুজনই মারা যান।

সাতকানিয়ার ছদাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোসাদ হোসাইন চৌধুরী প্রথম আলোকে জানান, অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলে নিহত হয়ে দীর্ঘক্ষণ সড়কের ওপর পড়েছিলেন। পরে স্থানীয় লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। তবে ঘটনাটি গভীর রাতে ঘটার কারণে কোন ধরনের গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত দুই বন্ধুর পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে খবর পাঠানো হয়। পরিবারের সদস্যরা আজ বৃহস্পতিবার সকালে থানায় এসে পৌঁছান। আইনি প্রক্রিয়া শেষে দুপুরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।