কক্সবাজার সৈকত থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের পৃথক জায়গা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহর থেকে ২৭ কিলোমিটার দূরে উখিয়ার ইনানী সমুদ্রসৈকত-সংলগ্ন শফিরবিল প্রাথমিক বিদ্যালয় ও শহরের শৈবাল পয়েন্ট-সংলগ্ন কবিতা চত্বর এলাকা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
বেলা দুইটা পর্যন্ত ওই দুই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, মাদক বিক্রির টাকা ভাগাভাগি কিংবা অন্য কোনো কারণে তাঁদের হত্যা করে সৈকত এলাকায় রেখে ফেলে যেতে পারে হত্যাকারীরা।
সৈকতের পৃথক জায়গা থেকে দুজনের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকাল ৯টার দিকে ইনানী সৈকতের কাছে রয়েল টিউলিপ বিচ রিসোর্টের পশ্চিম পাশে শফিরবিল প্রাথমিক বিদ্যালয়ের পাশে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের পরনে ছিল কালো হাফহাতা গেঞ্জি ও কালো হাফপ্যান্ট।
পুলিশ জানায়, একই সময় শহরের শৈবাল পয়েন্ট-সংলগ্ন ঝাউবাগানের ভেতরে কবিতা চত্বর এলাকায় গাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত আরেক তরুণের লাশ উদ্ধার করা হয়। ওই তরুণের পরনে ছিল সাদা পায়জামা ও পাঞ্জাবি। তাঁর গলায় আঘাতের চিহ্ন আছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বেলা দুইটা পর্যন্ত নিহত তরুণের পরিচয় শনাক্ত হয়নি। এ ব্যাপারে পুলিশের অনুসন্ধান চলছে।