কক্সবাজার সৈকতে হঠাৎ পর্যটকদের ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট। দুই কিলোমিটার সৈকতে নেমেছেন ২০ হাজারের বেশি পর্যটক। কেউ সমুদ্রে নেমে লোনা জলে দৌড়ঝাঁপ দিচ্ছেন, কেউ টায়ারে গা ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছেন সমুদ্রের একটু দূরে। কেউ বালুচরে দাঁড়িয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। এ দৃশ্য আজ শনিবার বেলা ১১টার দিকে। সুগন্ধার দক্ষিণ পাশে কলাতলী ও উত্তর পাশের সিগাল, লাবণী পয়েন্টেও ৫০ হাজারের বেশি পর্যটকের সমাগম ঘটেছে।
পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ, সেবা ও ব্যবসায় নিয়োজিত ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন (টুয়াক) ও হোটেলমালিকদের সূত্রে জানা যায়, শীত কিছুটা কমে যাওয়ায় অমর একুশের ছুটি কাটাতে হঠাৎ লাখ লাখ পর্যটক সৈকতে ছুটে আসছেন। গত বৃহস্পতি ও শুক্রবার দুই দিনে অন্তত তিন লাখ পর্যটক সৈকত ভ্রমণ করেছেন। শনিবার কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল–মোটেল গেস্টহাউস-কটেজে অবস্থান করছেন অন্তত ৯০ হাজার পর্যটক। এর বাইরে রয়েছেন ভ্রমণে আসা আরও ৮০-৯০ হাজার পর্যটক।
সৈকতের পাশাপাশি উল্লেখযোগ্য পর্যটক মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ, রামুর বৌদ্ধপল্লি, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক ঘুরতে যাচ্ছেন। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই চাপ লেগে থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ও ঠান্ডা কমে আসায় দেশের বিভিন্ন প্রান্তের মানুষ অবকাশযাপনে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে আসছেন। গত দুই দিনে বিপুলসংখ্যক পর্যটককে সামাল দিতে ২১০ জন ট্যুরিস্ট পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। সৈকতের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ, দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ ও ডুলাহাজারা সাফারি পার্কে পর্যটকের নিরাপত্তা দিচ্ছে।
সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ব্যবসায়ী মিজানুর রহমান। সঙ্গে আছেন স্ত্রী ও তিন ছেলেমেয়ে। মিজানুর রহমান বলেন, বেলা ১১টায় সুগন্ধা পয়েন্টে নেমে বিপুলসংখ্যক পর্যটকের সমাগম দেখে তিনি অবাক হয়েছেন। অল্প পরিমাণ জায়গায় গিজগিজ করছেন ১৫-২০ হাজার পর্যটক। অধিকাংশের মুখে মাস্ক নেই। সামাজিক দূরত্বও বজায় রাখা হচ্ছে না।
ঢাকার সূত্রাপুর এলাকার ব্যবসায়ী গোলাম মোস্তফা বলেন, ১০ বছর আগে এই সৈকতের যে অবস্থা তিনি দেখে গেছেন, এখন তেমনই রয়ে গেছে। পরিবর্তন শুধু সৈকতের বালিয়াড়ি দখল করে বিভিন্ন মালামাল বিক্রির কয়েক শ ঝুপড়ি দোকানের বস্তি গড়ে তোলা হয়েছে। সমুদ্র গোসল, গোড়ার পিঠে কিংবা বিচ বাইকে চড়ে বালুচরে দৌড়ঝাঁপ, হোটেল–রেস্তোঁরায় খাওয়াদাওয়া, দোকানে কেনাকাটা আর রাতে হোটেলে গিয়ে রাত কাটানো ছাড়া বিনোদনের তেমন কিছু এখানে নেই।
দুপুরের দিকে শহরের কলাতলী হাঙর ভাস্কর্য মোড় এলাকার কয়েকটি পরিবহন সংস্থার টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন ৪০-৫০ জন পর্যটক। তাঁদের একজন ফেনীর কামরুল হাসান বলেন, তিনি টেকনাফের বাসের জন্য অপেক্ষায় আছেন। টেকনাফ যাওয়ার উদ্দেশ্য হলো সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়া। কিন্তু টেকনাফ থেকে নৌপথে সেন্ট মার্টিন যাতায়াতের জাহাজের টিকিট পাওয়া যাচ্ছে না। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সব জাহাজের টিকিট নাকি অগ্রিম বিক্রি হয়ে গেছে।
টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচল করছে ১০টি জাহাজ ও ৪০টির বেশি দ্রুতগতির স্পিডবোট ও কাঠের ট্রলার। এসব নৌযানে দৈনিক সেন্ট মার্টিন যাচ্ছেন ৭ থেকে ১০ হাজার পর্যটক।
কক্সবাজারের সাতটি হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সমন্বিত মোর্চা ‘ফেডারেশন অব ট্যুরিজম ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার প্রথম আলোকে বলেন, আজ শনিবার শহরের পাঁচ শতাধিক হোটেল–মোটেল–গেস্টহাউসে অবস্থান করছেন ৯০ হাজারের বেশি পর্যটক। ছয় শতাধিক বাস-মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে সৈকত ভ্রমণে এসেছেন আরও ৫০ হাজারের বেশি পর্যটক। সব মিলিয়ে গত তিন দিনে সৈকত ভ্রমণে এসেছেন তিন লাখের বেশি পর্যটক। এর মধ্যে দৈনিক ১০-১৫ হাজার পর্যটক সেন্ট মার্টিন দ্বীপ ও ছয়-সাত হাজার পর্যটক বান্দরবান, রাঙামাটি ভ্রমণে যাচ্ছেন।
উপচে পড়া পর্যটকের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি যেন চাপা পড়ে গেছে। সামাজিক দূরত্ব মেনে চলাফেরা তো দূরের কথা, মাস্ক পরা লোকই হাতে গোনা। ঢাকার কমলাপুর থেকে আসা ঠিকাদার ডাবলু চৌধুরী স্ত্রী ও দুই সন্তান নিয়ে কলাতলী সৈকতে নামেন। তাঁদের কারও মুখে মাস্ক নেই। কারণ জানতে চাইলে ডাবলু বলেন, ‘করোনা সংক্রমণ কমে গেছে, মাস্ক হোটেলে রেখে এসেছি।’
কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, গত জানুয়ারির মাঝামাঝিতে শহরে করোনা সংক্রমণ বেড়ে গিয়েছিল, এখন কিছুটা কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সৈকতে পর্যটকের গিজগিজ অবস্থা সংক্রমণ বাড়াতে পারে। শতভাগ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পর্যটকেরা যেন সৈকতে নামেন, তার নির্দেশনা দেওয়া আছে। কিন্তু কার্যকর হচ্ছে না।