কক্সবাজারে অন্য রকম পূজামণ্ডপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খোলা মাঠে বিশাল বটগাছ। গাছের ছায়ায় সিংহের ওপর বসে দেবী দুর্গা ত্রিশূলে বধ করছেন অসুর। দুর্গার ডান পাশে লক্ষ্মী ও গণেশ। বাঁ পাশে সরস্বতী ও কার্তিক। চারদিকে বন-জঙ্গলে দৌড়ঝাঁপ বন্য পশুপাখির।

কক্সবাজার শহরের ঘোনাপাড়া কৃষ্ণানন্দ ধাম মন্দির প্রাঙ্গণে তৈরি করা হয়েছে এ রকম পূজামণ্ডপ। প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছেন মণ্ডপটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ১১ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে যাবেন কৈলাসে তাঁর স্বামীর ঘরে। এক বছর পর নতুন শরতে তিনি আবার আসবেন পিতৃগৃহ এই ধরণিতে। দেবী দুর্গা এবার আসবেন ঘোড়ায় চড়ে। যাবেনও ঘোড়ায় চড়ে।

গতকাল শনিবার সকালে মন্দির প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, মাত্র প্রতিমায় রঙের কাজ শেষ করেছেন শিল্পী লিটন পাল। তিনি এসেছেন ফরিদপুর থেকে। সঙ্গে আছেন তাঁর বাবা মিল্টন পাল। পূজামণ্ডপটি নির্মাণ করতে বাবা-ছেলের সময় লেগেছে ১০ দিন।

মিল্টন পাল জানান, সাড়ে তিন লাখ টাকায় তাঁরা পূজামণ্ডপটি তৈরি করে দিয়েছেন। লোকজন দেখে মুগ্ধ হচ্ছেন, এতেই তাঁরা খুশি।

কৃষ্ণানন্দ ধাম মন্দির দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি স্বপন পাল জানান, কক্সবাজারে পাহাড় নিধন ও বনাঞ্চল উজাড় করা হচ্ছে। এ কারণে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। তাই পরিবেশ-প্রতিবেশ সম্পর্কে লোকজনকে সচেতন করতে পূজামণ্ডপটিতে পরিবর্তন আনা হয়েছে। অন্য রকম এ মণ্ডপটি সাজাতে ব্যয় হচ্ছে প্রায় আট লাখ টাকা।

কৃষ্ণানন্দ ধাম মন্দির দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, গতকাল দুপুর পর্যন্ত পাঁচ দিনে অন্তত দুই হাজার নারী-পুরুষ পূজামণ্ডপটি পরিদর্শন করেছেন। ১১ অক্টোবর পর্যন্ত এ পূজামণ্ডপে লাখো মানুষের সমাগম ঘটবে।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ জানান, গত বছর জেলায় ২৭৬টি মণ্ডপে দুর্গাপূজা হয়েছে। এবার হবে ২৮৬টি মণ্ডপে।