কক্সবাজারে অপহরণের শিকার ৪ স্কুলছাত্র চার দিনেও উদ্ধার হয়নি, আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের রামুর চার স্কুলছাত্রকে অপহরণের ঘটনায় টেকনাফের আশ্রয়শিবির থেকে আটক বাবা-মেয়েসহ তিন রোহিঙ্গা। শুক্রবার সকালে
ছবি: সংগৃহীত

সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে নিয়ে যাওয়ার কথা বলে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার কক্সবাজারের চার স্কুলছাত্রের সন্ধান চার দিনেও মেলেনি। তবে গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার ভোর পর্যন্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তবে আজ বিকেল চারটা পর্যন্ত অপহরণের শিকার স্কুলছাত্রদের সন্ধান মেলেনি। এতে শঙ্কিত হয়ে পড়েছে তাদের পরিবার।

আটক রোহিঙ্গারা হলেন টেকনাফের মুচনী ক্যাম্পের এইচ-৪ ব্লকের বাসিন্দা নুর সালাম (৫৫), তাঁর মেয়ে রনজন বিবি (১৭) এবং আবদুল কাদেরের ছেলে সাদ্দাম মিয়া (৪০)। আজ সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গতকাল রাত আটটা থেকে আজ ভোর সাড়ে চারটা পর্যন্ত টেকনাফের নয়াপাড়া ও জাদিমুরা এলাকার কয়েকটি পাহাড়ি আস্তানায় অভিযান চালান ১৬ এপিবিএন সদস্যরা। পৃথক অভিযানে নেতৃত্বে দেন এপিবিএন নয়াপাড়া ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. আবদুল্লাহ বিন কালাম এবং জাদিমুরা ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

আরও পড়ুন

জাদিমুরা ক্যাম্প কমান্ডার কামরুল হাসান বলেন, নয়াপাড়া ক্যাম্প থেকে ওই তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাঁরা এ অপহরণের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সূত্রে খবর রয়েছে।

অপহরণের শিকার শিক্ষার্থীরা হলো রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের প্যাঁচারদ্বীপের মংলা পাড়ার আবদুস সালামের ছেলে জাহেদুল ইসলাম (১৬), আবদুর রহিমের ছেলে মোহাম্মদ কায়সার (১৪), ফরিদ আলমের ছেলে মিজানুর রহমান নয়ন (১৪) এবং মো. আলমের ছেলে মিজানুর রহমান (১৪)। তাদের মধ্যে জাহেদুল সোনারপাড়া উচ্চবিদ্যালয়ের দশম এবং অপর তিনজন একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। চার দিন পেরিয়ে গেলেও ওই চার স্কুলছাত্র উদ্ধার না হওয়ায় শঙ্কিত তাদের পরিবার। এ ঘটনায় রামু থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জাদিমুরা ক্যাম্প কমান্ডার কামরুল হাসান বলেন, নয়াপাড়া ক্যাম্প থেকে ওই তিনজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তাঁরা এ অপহরণের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সূত্রে খবর রয়েছে।

অপহৃত স্কুলছাত্র মোহাম্মদ কায়সারের চাচা মোহাম্মদ তাহের বলেন, ৭ ডিসেম্বর সকালে রোহিঙ্গা ইব্রাহীম ও জাহাঙ্গীর ওই চার স্কুলছাত্রকে সেন্ট মার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে সন্ত্রাসী চক্রের হাতে তুলে দেন।

রামু খুনিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহেল বলেন, জাহাঙ্গীর ও ইব্রাহীম ওই দুই রোহিঙ্গা টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের (ক্যাম্প-২৬) সি ব্লকের বাসিন্দা। তাঁরা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের প্যাঁচারদ্বীপ এলাকার বাতিঘর নামে একটি কটেজের কর্মচারী।

অপহৃত শিক্ষার্থীদের পরিবার জানায়, সর্বশেষ ৮ ডিসেম্বর রাতে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে স্বজনদের কাছে ফোন করে চার শিক্ষার্থীকে ছাড়িয়ে নেওয়ার বিপরীতে পাঁচ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুক্তিপণ না মিললে শিক্ষার্থীদের হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এরপর থেকে ওই মুঠোফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (অপারেশন) খোরশেদ আলম বলেন, তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। কিন্তু একেক সময় স্থান বদল করে একেক স্থানে অবস্থান করায় অপহরণকারীদের ধরা যাচ্ছে না।

পুলিশ ও পরিবার সূত্র জানায়, প্যাঁচারদ্বীপের বাতিঘর নামে কটেজের কর্মচারী জাহাঙ্গীর আলম ও মো. ইব্রাহীমের সঙ্গে পরিচয় হয় চার স্কুলছাত্রের। সে সুবাদে ৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে চারজনকে সেন্ট মার্টিন বেড়াতে নেওয়ার কথা বলে টেকনাফের হোয়াইক্যং বাসস্ট্যান্ডে নিয়ে যান জাহাঙ্গীর ও ইব্রাহীম। সেখান থেকে কুদুমগুহা দেখার কথা বলে হোয়াইক্যং জঙ্গলের দিকে নিয়ে যান। এরপর থেকে চার শিক্ষার্থী নিখোঁজ। ধারণা করা হচ্ছে, চার শিক্ষার্থীকে হোয়াইক্যং কুদুমগুহা কিংবা নেচার পার্ক এলাকার পাহাড়ি আস্তানার কোথাও আটকে রাখা হতে পারে। পাহাড়ের বিভিন্ন আস্তানায় হাকিম ডাকাতসহ রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী বাহিনীর আস্তানা রয়েছে বলে জানায় পুলিশ।