কক্সবাজারে আইনজীবীর মুঠোফোন-টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় ২ জুন সকালে আইনজীবী পারভিন সুলতানাকে ছুরি ধরে মুঠোফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন মো. শাহীন ও পেঠান। এলাকায় তাঁদের বিরুদ্ধে মাদক বিক্রি, চুরি, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ আছে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত অভিযোগে শাহিন ও পেঠানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের পরিচয় শনাক্ত করা হচ্ছে। একই সঙ্গে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। দুর্গম পাহাড়ি এলাকা ও বজ্রপাতসহ বৃষ্টির কারণে সাঁড়াশি অভিযানে ব্যাঘাত ঘটছে।

পারভিন সুলতানা বাদী হয়ে ২ জুন সন্ধ্যায় থানায় পেঠান ওরফে পেড়ান (২২), শাহিন (২১) ও অজ্ঞাত আরও দুজনের বিরুদ্ধে মামলা করেন। পেঠান শহরের ইছুলেরঘোনা এলাকার মাসুদের ছেলে। আর শাহিন পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসাসংলগ্ন খুনির মাঠ এলাকার শহিদ উল্লাহর ছেলে।

২ জুন সকাল সাড়ে ছয়টার দিকে আইনজীবী পারভিন সুলতানা পাহাড়তলীর বাসা থেকে হেঁটে শহরের প্রধান সড়কের দিকে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন। এ ঘটনায় করা মামলায় তিনি অভিযোগ করেন, দুর্বৃত্তরা তাঁর দুটো ব্যাগ ছিনিয়ে নেন। ব্যাগে ছিল দুটো মুঠোফোন সেট, একটি পাওয়ার ব্যাংক, নগদ ৩৯ হাজার টাকা ও দুটি ডায়েরি। এ ছাড়া তাঁর গলায় থাকা সোনার চেইন ও সোনার আংটিও ছিনিয়ে নেন তাঁরা।