কক্সবাজারে আয়কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে চার দিনব্যাপী আয়কর মেলা ১৯ সেপ্টেম্বর শেষ হয়েছে। গত বছরের তুলনায় এবার রাজস্ব আদায় হয়েছে দ্বিগুণ। করদাতার সংখ্যাও বেড়েছে। প্রতিদিনই মেলা ছিল জমজমাট। 
‘আয়কর প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’—এই প্রতিপাদ্য নিয়ে কক্সবাজার আয়কর কার্যালয় প্রাঙ্গণে ১৬ সেপ্টেম্বর সকালে চার দিনব্যাপী মেলা উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (তথ্য ব্যবস্থাপনা ও সেবা) চৌধুরী আমির হোসেন।
জানা যায়, শেষ দিন পর্যন্ত মেলায় দুই হাজার ৩৪০ করদাতাকে সেবা প্রদানের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১৪ লাখ ২৭ হাজার ৩০৫ টাকা। এ ছাড়া মেলায় রিটার্ন জমা পড়েছে ৩৩৫টি। নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ৭৮ জন। মেলায় করদাতাদের সুবিধার্থে জেলার পাঁচটি সার্কেলের পৃথক বুথ বসানো হয়। তাৎক্ষণিক কর প্রদানের জন্য মেলায় স্থাপন করা হয়েছিল সোনালী ব্যাংকের একটি অস্থায়ী বুথ।
কক্সবাজার সার্কেলের উপকর কমিশনার মো. শামসুজ্জামান বলেন, করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে জেলায় দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করা হয়েছে। এবার রাজস্ব আয় গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে।