কক্সবাজারে ক্ষতিগ্রস্ত ২২ হাজার পরিবার

কক্সবাজার শহরের নাজিরারটেকের বাসিন্দা সখিনা খাতুন। বাঁশের বেড়া আর ছনের তৈরি ঘরে বসবাস করতেন পাঁচ ছেলেমেয়ে নিয়ে। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে তাঁর ঘরটি মাটির সঙ্গে মিশে গেছে। এরপর তিনি পাঁচ ছেলেমেয়ে নিয়ে আশ্রয় নেন পাশের নুনিয়াছটা এলাকার একটি আশ্রয়কেন্দ্রে। গতকাল বুধবার পর্যন্ত সখিনা সেই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।
সখিনা বলেন, ‘নতুন করে ঘর বাঁধার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাই এখানে পড়ে আছি।’
সখিনার বাড়ি জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং গ্রামে। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে তিনি শহরের নাজিরারটেক চরে আশ্রয় নেন। তিন বছর আগে তাঁর স্বামী মনির আলম মারা গেছেন।
সখিনার মতো কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়াপাড়া, সমিতিপাড়াসহ কয়েকটি গ্রামে জলোচ্ছ্বাসে প্রায় দেড় হাজার ঘরবাড়ি বিলীন হয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে এখনো প্লাবিত হচ্ছে আরও অন্তত এক হাজার ঘরবাড়ি। গৃহহীন মানুষের দুর্ভোগের যেন শেষ হচ্ছে না।
জেলা প্রশাসন সূত্র জানায়, রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাস ও ঝড়ে জেলার আটটি উপজেলার ৭১টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত হয়েছে ২২ হাজার ১২৮টি পরিবার। এর মধ্যে ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে প্রায় ১৩ হাজার। আরও ১৬ হাজার ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এ পর্যন্ত ৩ লাখ ৩০ হাজার নগদ টাকা, ৮৭ মেট্রিক টন চাল, ৮০ বস্তা চিড়া, ১১০ থান গুড়, ৪০ বস্তা মুড়ি ও ১৮৬ বোতল পানীয় বিতরণ করা হয়েছে। মজুত আছে ৩০৩ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৩৫ হাজার টাকা।
এদিকে রোয়ানুর আঘাতে সৃষ্ট জলোচ্ছ্বাসে লন্ডভন্ড হয়ে গেছে জেলার সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়া। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, ঘূর্ণিঝড়ে উপজেলার আলীআকবর ডেইল, উত্তর ধুরুং, কৈয়ারবিল ও লেমশিখালী ইউনিয়নের অন্তত ১০ কিলোমিটার বেড়িবাঁধ বিলীন হয়ে ১০ হাজারের মতো ঘরবাড়ি ভেঙে গেছে। এখনো জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে এসব ঘরবাড়ি। গৃহহীন হাজার হাজার মানুষ বিভিন্ন কেন্দ্রে আশ্রয় নিলেও সেখানে খাবার ও পানীয় জলের তীব্র সংকট চলছে। আবার জোয়ারের পানিতে নিমজ্জিত ঘরবাড়িতেও লোকজন রান্নাবান্না করতে পারছে না। এই পরিস্থিতিতে কুতুবদিয়াকে দুর্গত এলাকা ঘোষণা দিয়ে ত্রাণ তৎপরতা জোরদার প্রয়োজন। নইলে শত শত কর্মহীন লোক না খেয়ে মারা যাবে।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ২৩ মে রাতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় মন্ত্রী ক্ষতিগ্রস্ত লোকজনকে প্রয়োজনীয় সাহায্য–সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। জেলা প্রশাসক বলেন, ঘূর্ণিঝড়ে কক্সবাজারে পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন।