কক্সবাজারে গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের শাহফকির বাজারে গত মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যবসায়ী আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহফকির বাজার কমিটির সহসভাপতি ওবাইদুল হকের কার্যালয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে একটি সালিস বৈঠক বসে। রাত সাড়ে ১২টার দিকে ইব্রাহিম ডাকাতের নেতৃত্বে আট-নয়জন ডাকাত ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন নুরুল আবছার (২৮) নামের এক ব্যক্তি। ১০ দিন আগে তিনি সৌদি আরব থেকে দেশে বেড়াতে আসেন। ওই সময় গুলিতে আহত হন বাজার কমিটির সভাপতি আবদুল্লাহ আল আকাশ। তাঁর কোমরে গুলি লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নুরুল আবছারের বাড়ি ভারুয়াখালী ইউনিয়নের হাজিপাড়ায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ইব্রাহিম ডাকাতের সঙ্গে ওবাইদুল হকের বিরোধ ছিল। ওবাইদুলকে হত্যা করতে এসে ডাকাতেরা সৌদিপ্রবাসী নুরুল আবছারকে গুলি করে। তিনি বলেন, হামলার আগ মুহূর্তে ওবাইদুল সালিস বৈঠক থেকে উঠে ধূমপান করতে যান। ওই সময় ডাকাতেরা হামলা চালায়।
ওসি জানান, এ ঘটনায় তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।