কক্সবাজারে চাঞ্চল্যকর মোর্শেদ হত্যা মামলার ৭ আসামি পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলায় সাত আসামিকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল মনছুর এ রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন মোহাম্মদ আলী ওরফে মোহাম্মদ, মাহমুদুল হক ওরফে মাহমুদুল হক মেম্বার, দিদারুল আলম, আবদুল্লাহ, আবদুল আজিজ, ওমর ফারুক ও নুরুল হক। তাঁদের সবাই জেলা কারাগারে বন্দী রয়েছেন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং রিমান্ডে নেওয়ার আগে-পরে আসামিদের কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশনা দেন আদালত।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, সুবিধাজনক সময়ে পুলিশ আসামিদের কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করবে। আসামিদের বৃহস্পতিবার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

৭ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে স্থানীয় যুবক মোর্শেদ আলীকে (৩৮) প্রকাশ্যে রাস্তায় ফেলে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় শতাধিক মানুষ দাঁড়িয়ে ঘটনা দেখলেও কেউ মোর্শেদ আলীকে রক্ষায় এগিয়ে আসেননি। মোর্শেদ আলী একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত ওমর আলীর ছেলে।

এ ঘটনায় নিহত মোর্শেদের ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় স্থানীয় পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ও র‌্যাব এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করলেও সিরাজুল মোস্তফাসহ অন্যরা এখনো ধরাছোঁয়ার বাইরে।