কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২
কক্সবাজারের খুরুশকুলে ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামি হলেন খুরুশকুলের মধ্যমডেইলপাড়ার মো. মুন্না (১৯) ও একই ইউনিয়নের পেঁচারপাড়ার মো. রিয়াদ (২০)।
ওই দুইজনকে গ্রেপ্তার করার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ফয়সাল উদ্দিন হত্যকাণ্ডের সঙ্গে মুন্না ও রিয়াদও জড়িত। ঘটনার পরপর তাঁরা খরুলিয়াবাজারের একটি বাড়িতে আত্মগোপন করেছিল। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে র্যাব-১৫ কক্সবাজারের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি আজিজ সিকদার ও আরেক আসামি ফিরোজ আলমকে গ্রেপ্তার করে ।
র্যাবের জিজ্ঞাসাবাদে আজিজ সিকদার ছাত্রলীগ নেতা ফয়সাল উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে বলেছিলেন, তাঁর নেতৃত্বে হামলায় অংশ নিয়েছিল ১৫ থেকে ২০ জন। অটোরিকশা থেকে নামিয়ে ফয়সাল উদ্দিনকে কুপিয়ে হত্যা করতে সময় লেগেছিল ৫ থেকে ১০ মিনিট। বুধবার বেলা ১১টার দিকে র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে করে এ তথ্য দিয়েছিলেন র্যাব–১৫–এর উপ–অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী। তিনি বলেন, ঘটনাটি ছিল পুর্বপরিকল্পিত। এই হত্যাকাণ্ড সংঘবদ্ধভাবেই করা হয়েছে।
আজিজ সিকদার খুরুশকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাঁচা মিয়া সিকদারের ছেলে এবং ফিরোজ আলম একই এলাকার সিরাজুল হক সিকদারের ছেলে।
পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষ করে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন ফয়সাল। এ সময় দুবৃর্ত্তরা তাঁকে কুপিয়ে হত্যা করে। তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ফয়সাল একই ইউনিয়নের কাউয়ারপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে।
পুলিশ আরও জানায়, হত্যাকাণ্ডের দুই দিন পর গত মঙ্গলবার ফয়সালের বড় ভাই নাছির উদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় আজিজ সিকদারসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ ছাড়া ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার দুই নারীসহ ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।