কক্সবাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
কক্সবাজার শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আবুল কালাম (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন নারকেলবাগান এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। পরে আহত অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত আবুল কালাম মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের সুতরিয়াপাড়ার মৃত শফিকুর রহমানের ছেলে। তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের হাজিপাড়ায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করে আসছিলেন। তিনি চট্টগ্রামে জুতার ব্যবসা করতেন।
নিহত আবুল কালামের প্রতিবেশী মো. তারেক বলেন, বাড়িতে ইফতার সেরে গতকাল রাত ৯টার দিকে আবুল কালাম শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে যান। সেখান থেকে টমটম গাড়িতে ওঠে বাজারঘাটার দোকানে যাচ্ছিলেন ওষুধ কিনতে। বাস টার্মিনালের নারকেলবাগান এলাকায় পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মুঠোফোন ও মালামাল ছিনিয়ে নেন। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবুল কালামের মৃত্যু হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, ছুরিকাঘাতের পর আবুল কালাম টমটম থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করেন। নারকেলবাগান এলাকা থেকে কয়েক শ গজ দূরে রাস্তার ওপর রক্তের দাগ দেখা গেছে। একপর্যায়ে আবুল কালাম রাস্তার ওপর ঢলে পড়েন। পথচারীরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর আজ বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। তাঁদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।