কক্সবাজারে ছুরিকাঘাতে কিশোর খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম তারেকুল ইসলাম (১৭)।

আজ সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত তারেকুল ইসলাম ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদের পাড়ার মৃত ছগির আহমদের ছেলে।

স্থানীয় ইসলামাবাদ ইউপির সদস্য আবদুস শুক্কুর বলেন, তারেকুল ইসলাম চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কসংলগ্ন খোদাইবাড়ি এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিম পাশে একটি মুদিদোকান চালাত। ভোররাতে সাহ্‌রি খেয়ে সে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশে ঘর থেকে বের হয়। এ সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হয় তারেকুল। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল হালিম বলেন, কী কারণে, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। পুলিশের পাশাপাশি সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।