কক্সবাজারে টিকাদান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বর ও কাশিতে আক্রান্ত তিন বছরের মেয়ে সোফাইরা বেগমকে চিকিৎসক দেখানোর অপেক্ষায় উদ্বিগ্ন মা। কক্সবাজারের কুতুপালং শিবিরে ইউনিসেফের স্বাস্থ্যকেন্দ্রে গতকাল l ছবি: রয়টার্স
জ্বর ও কাশিতে আক্রান্ত তিন বছরের মেয়ে সোফাইরা বেগমকে চিকিৎসক দেখানোর অপেক্ষায় উদ্বিগ্ন মা। কক্সবাজারের কুতুপালং শিবিরে ইউনিসেফের স্বাস্থ্যকেন্দ্রে গতকাল l ছবি: রয়টার্স

রোহিঙ্গা শিশুদের মাঝে ডিফথেরিয়া ও অন্যান্য প্রতিরোধযোগ্য রোগের বিস্তার ঠেকাতে মিয়ানমার সীমান্তসংলগ্ন ১২টি রোহিঙ্গা ক্যাম্প ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে টিকাদান কর্মসূচি শুরু করেছে। ছয় সপ্তাহ থেকে ছয় বছর বয়স পর্যন্ত সব রোহিঙ্গা শিশু এই কর্মসূচির আওতায় আসবে। সরকারের নেতৃত্বে এই কর্মসূচিতে সহায়তা দিচ্ছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং দ্য ভ্যাক্সিন অ্যালায়েন্স (জিএভিআই)।

ইউনিসেফ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, বর্ধিত এই টিকা কার্যক্রমের আওতায় কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলার মোট ২ লাখ ৫৫ হাজার শিশুকে টিকা দেওয়া হবে। অন্যদিকে, সরকার ও স্বাস্থ্য খাতের অন্য অংশীদারেরা ডিফথেরিয়ার চিকিৎসা ও প্রতিরোধে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে।    

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘রোহিঙ্গা শিবির ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে শিশুরা যে চরম ঝুঁকির মধ্যে রয়েছে, এই রোগের বিস্তার সেটারই ইঙ্গিত করছে।’

জাতিসংঘের আর্লি ওয়ার্নিং অ্যান্ড রেসপন্স (ইডব্লিউএআরএস) ও মেডিসিন্স স্যা ফ্রন্টিয়ারসের (এমএসএফ ) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০১৭ সালের ১২ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে ক্যাম্প ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোতে সম্ভাব্য ৭২২ জন ডিপথেরিয়ায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে  ৯ জনের মৃত্যু হয়েছে।

টিকা কর্মসূচিতে শিশুদের পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হবে, যা তাদের ডিফথেরিয়া, পারটুসিস, টিটেনাস, হেমোফিলিস ইনফ্লুয়েঞ্জা ও হেপাটাইটিস-বি থেকে রক্ষা করবে। এই কার্যক্রমে সহায়তা করার জন্য দ্য সিরাম ইন্সটিটুট অব ইন্ডিয়া ৩ লাখ পেন্টাভ্যালেন্ট টিকা বিনা মূল্যে সরবরাহ করেছে।    

আগামী সপ্তাহে ৭-১৫ বছর বয়সী সব রোহিঙ্গা শিশুকে ও ১০ হাজার স্বাস্থ্য ও উন্নয়নকর্মীকে তিন দফায় টিডি (টিটেনাস ডিফথেরিয়া) দেওয়া হবে। এই লক্ষ্যে ৯ লাখ ডোজ টিডি টিকা আজ দেশে এসে পৌঁছাবে।     

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নবরত্নসামি প্যারানিয়েথারান বলেন, ‘ডিফথেরিয়ার বিস্তার ঠেকাতে আমরা দ্রুত পদক্ষেপ নিচ্ছি যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে না পারে।’

ডিফথেরিয়া শ্বাসপ্রশ্বাসের একধরনের ছোঁয়াচে অসুখ। এটি প্রধানত কাশি ও হাঁচির মধ্যে দিয়ে ছড়ায়।

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা ৬১ পরিবারের ২০৫ জন রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষকে গতকাল মঙ্গলবার টেকনাফের নয়াপাড়া শিবিরে পাঠানো হয়েছে।

সেনাবাহিনীর সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা এসব রোহিঙ্গা প্রথমে বিভিন্ন গ্রামে আশ্রয় নেয়। এরপর ত্রাণ পেতে তারা এই ত্রাণকেন্দ্রে চলে আসে। এখানে তাদের মানবিক সহায়তা দেওয়ার পর গাড়িতে করে নয়াপাড়া শিবিরে পাঠানো হয়েছে।