কক্সবাজারে দলবদ্ধ ধর্ষণ মামলায় আরেক আসামি গ্রেপ্তার
কক্সবাজার সৈকতে বেড়াতে আসা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। তাঁর নাম মেহেদী হাসান বাবু ওরফে গুন্ডিয়া (২৫)। তিনি মামলার ২ নম্বর আসামি। গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে শহরের ঘোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শহরের বাহারছড়া এলাকার আবুল কাশেমের ছেলে।
এ খবরের সত্যতা নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন বলেন, আলোচিত এই দলবদ্ধ ধর্ষণ মামলার এজাহারভুক্ত সাত আসামির সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বছরের ২২ ডিসেম্বর ওই নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ২৩ ডিসেম্বর রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মো. আশিক (২৮), মো. বাবু (২৫), ইসরাফিল হুদা জয় (২৮), রিয়াজ উদ্দিন প্রকাশ ছোটন (৩০), অজ্ঞাতনামা আরও ৩ জনসহ সাতজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
৬ ডিসেম্বর মাদারীপুর থেকে র্যাব মো. আশিককে গ্রেপ্তার করে। এখন পর্যন্ত চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ট্যুরিস্ট পুলিশ।