কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেন হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ রোববার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে
প্রথম আলো

কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন হোটেল-মোটেল গেস্ট হাউস অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা বলেছেন, পর্যটকদের থাকার স্থানসহ শহরের অলিগলিতে অপরাধ বেড়েছে। এতে পর্যটকসহ স্থানীয় লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আজ রোববার অ্যাসোসিয়েশনের সদস্যরা কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন। এর আগে তাঁরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ বলেন, এখনো কক্সবাজারে লাখো পর্যটক ছুটে আসছেন। ২৬ মার্চ পর্যন্ত পর্যটকের সমাগম থাকবে। পর্যটক আসায় শহরের পাঁচ শতাধিক হোটেল-মোটেল, কয়েক শ রেস্তোরাঁ, শামুক-ঝিনুক দিয়ে তৈরি পণ্য বিক্রির দোকান মিলিয়ে প্রতিদিন শতকোটি টাকার ব্যবসা হচ্ছে। কিন্তু পর্যটকের নিরাপত্তা নেই কোথাও। হোটেল ছেড়ে রাস্তায় নামলেই ছিনতাইকারী, বখাটেদের কবলে পড়তে হচ্ছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি সুবীর চৌধুরী বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি অতীতে কখনো ঘটেনি। চুরি, ছিনতাই, ডাকাতি ব্যাপকভাবে বেড়েছে। গত মাসে ৩ জন হোটেল ব্যবস্থাপক, অন্তত ৯৫ জন পর্যটক ও শতাধিক স্থানীয় নাগরিক ছিনতাই ও লুটের শিকার হয়েছেন। তাঁদের অনেকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, পর্যটক আকর্ষণের প্রথম ও প্রধান উপাদান হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। এর উন্নয়ন মানেই পর্যটনশিল্পের উন্নয়ন। দেশি-বিদেশি পর্যটকসহ কক্সবাজারের স্থানীয়দের নিরাপত্তার বিকল্প নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্মারকলিপিতে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে সন্ত্রাসী, ছিনতাইকারী, কিশোর গ্যাং দমনে হোটেল-মোটেল জোন, সৈকত এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা; কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কলাতলী হাঙর ভাস্কর্য মোড় পর্যন্ত সকাল-সন্ধ্যা পুলিশি টহল জোরদার করা; পর্যটকবাহী গাড়ি শহরের হলিডে মোড় পর্যন্ত ঢুকতে দেওয়া ও যানবাহনের চালক-সহকারীর আলাদা ইউনিফর্ম পরিধানের নির্দেশনা জারি করা।

এ প্রসঙ্গে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (অভিযান) নাছির উদ্দিন মজুমদার বলেন, ছিনতাইকারী, সন্ত্রাসী, কিশোর গ্যাং ও অপরাধীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। গতকাল শনিবারও চারজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু শহরের সর্বত্র রাস্তার উন্নয়নে খোঁড়াখুঁড়ির নাজুক পরিস্থিতি থেকে যাচ্ছে। সড়কে তীব্র যানজটে হাঁটাও যায় না। ফলে অপরাধীরা অপকর্ম করে দ্রুত আত্মগোপনের সুযোগ পাচ্ছেন।