কক্সবাজারে পশু বিক্রির ধুম
কক্সবাজারের আট উপজেলার ৪৪টি হাটে কোরবানির পশু বিক্রির ধুম পড়েছে। দেশে পালিত গরু-মহিষের পাশাপাশি বাজারে ঠাঁই হয়েছে মিয়ানমার থেকে আমদানি করা অসংখ্য পশু। শুরুর দিকে চড়া দাম থাকলেও এখন স্বাভাবিক হয়ে এসেছে। এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একাধিক পশুর হাট বসানোর কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
গতকাল শনিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়াবাজারে গিয়ে দেখা যায়, বিক্রির জন্য বাজারে আনা হয়েছে হাজারো পশু। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে বাজার বসানোয় কয়েক কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
এই বাজারে দুই থেকে তিন মণ ওজনের গরু বেচাকেনা হচ্ছে ৪৫ থেকে ৬০ হাজার টাকায়। তিন থেকে পাঁচ মণ ওজনের গরুর দাম ৮০ হাজার থেকে দেড় লাখ টাকা।
বাজারের ইজারাদার মো. শরীফ উদ্দিন বলেন, হাতে সময় বেশি নেই। তাই লোকজন পছন্দের পশু কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। অন্যদিকে ব্যবসায়ীরা অল্প লাভে গরু বিক্রি করে দিচ্ছেন।
চকরিয়ার খুটাখালী এলাকায় মহাসড়কের পাশে বসেছে আরও একটি কোরবানির পশুর হাট। ৮ সেপ্টেম্বর বাজারটি উচ্ছেদ করতে অভিযান চালায় হাইওয়ে পুলিশ। এ সময় পশু ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন।
চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরী বলেন, পশুর হাটটি উচ্ছেদ করা যাচ্ছে না।
কক্সবাজার পৌরসভার একমাত্র কোরবানির পশুর হাট বসানো হয়েছে শহরের প্রধান সড়কসংলগ্ন খুরুশকুল রাস্তার মাথায়। বাজারে প্রচুর পশু বেচাকেনা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, প্রতিটি কোরবানির পশুর হাটে একটি করে পুলিশের টিম টহলে আছে। পাশাপাশি সাদাপোশাকেও পুলিশ টহল দিচ্ছে।
রামু উপজেলার রাজারকুল গ্রামের ব্যবসায়ী মমতাজুল ইসলাম বলেন, এবার ছোট গরুর দাম বেশি হাঁকা হচ্ছে। এতে কম বেতনের চাকরিজীবীরা সমস্যায় পড়ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ বাজার, পিএমখালী ও জুমছড়িবাজার; রামু উপজেলার কলঘরবাজার ও মিঠাছড়িবাজার; উখিয়া উপজেলার মরিচ্যাবাজার ও রুমখা বাজার; টেকনাফের টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয় মাঠ বাজার, সাবরাং, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপ বাজারেও পশু বিক্রির ধুম পড়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, এবার জেলায় ৪৪টি কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে টেকনাফে ৭টি, উখিয়ায় ৬টি, কক্সবাজার সদরে ৫টি, চকরিয়ায় ১০টি, রামুতে ৬টি, পেকুয়ায় ২টি, কুতুবদিয়ায় ২টি ও মহেশখালীতে ৬টি কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দেওয়া হয়।
টেকনাফ স্থলবন্দরের কাস্টম সুপার মো. আবদুল মান্নান বলেন, গত আট দিনে টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর দিয়ে দুই হাজারের মতো কোরবানির পশু আমদানি হয়েছে। ঈদের আগের দিন পর্যন্ত আরও দুই থেকে আড়াই হাজার পশু আসতে পারে। তিনি বলেন, ‘পশু আমদানি বাড়াতে আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি। যেন বাজারে কোরবানির পশুর সংকট দেখা না দেয়।’
জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, জেলায় কোরবানির জন্য উপযোগী গৃহপালিত পশু (গরু-মহিষ) আছে প্রায় ৩৫ হাজার। তা ছাড়া মিয়ানমার থেকে পশু আমদানি করা হচ্ছে। অনেকে বান্দরবান থেকেও গরু কিনে আনছেন। এ ক্ষেত্রে জেলায় কোরবানির পশুর সংকট হবে না।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, ৪৪টি হাটবাজারে কোরবানির পশু বেচাবিক্রি ও পরিবহন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। বিশেষ করে জাল নোট শনাক্তকরণে বড় বাজারগুলোতে বসানো হয়েছে একাধিক মেশিন।