কক্সবাজারে প্যারাবন দখলের ঘটনায় মামলা, আসামি ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের প্যারাবন দখল করে চলছে জলাভূমি ভরাট
ছবি: প্রথম আলো

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে প্যারাবন কেটে দখলের অভিযোগে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। গত বৃহস্পতিবার রাতে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় মামলাটি করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম। তবে আজ শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

১ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার কস্তুরাঘাট এলাকায় অবৈধভাবে প্যারাবন কেটে বাঁকখালী নদীর সংযোগকারী খাল ভরাটের স্থানে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিম।

তবে মামলার এজাহারে প্যারাবনের অন্তত ১৫ হাজার গাছ কেটে কয়েক শ একর জলাভূমি দখল ও ভরাটের ঘটনায় অনেক প্রভাবশালীর নাম বাদ পড়েছে বলে দাবি করেছেন পরিবেশবাদীরা।

পরিবেশবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’–এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, প্রভাবশালীদের আইনের আওতায় আনা না গেলে বাঁকখালী নদী ও প্যারাবন রক্ষা করা যাবে না।

মামলার এজাহারভুক্ত সাত আসামি হলেন মহেশখালীর মেহেদিয়াপাড়া এলাকার রুকন উদ্দিন (৪০), কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের হাজীপাড়া এলাকার আমীর আলী (৪৫), বদরমোকাম কস্তুরাঘাট এলাকার মো. কামাল ওরফে কামাল মাঝি (৪৮), এবিসি ঘোনা এলাকার মো. ইসলাম ওরফে খোল বাহাদুর (৫২), আলিরজাহান সাহিত্যিকা পল্লী এলাকার আবদুল মালেক ইমন (৪৩), মহেশখালী চরপাড়া এলাকার মো. ইফসুফ (৪২) এবং বদরমোকাম এলাকার মো. ইব্রাহীম (৩০)।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক শেখ মো. নাজমুল হক বলেন, প্যারাবনের গাছ কাটা, জীববৈচিত্র্য ধ্বংস, মাটি ফেলে জলাভূমি ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। জড়িত আর কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

গত ২৯ নভেম্বর প্রথম আলোতে ‘কক্সবাজারে ১৫ হাজার গাছ কেটে বাঁকখালীর তীর দখল’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।