কক্সবাজারে বন্ধুকে হত্যার দায়ে পাঁচ বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজার শহরে বাগ্বিতণ্ডার জেরে মেহেদী হাসান নামের এক যুবককে হত্যার দায়ে তাঁর পাঁচ বন্ধুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা শহরের বাহারছড়ার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে মোহাম্মদ ফারুক, আবুল বশরের ছেলে শাহেদ, মধ্যম বাহারছড়ার তৈয়বুর রহমানের ছেলে সাগর, জহির আহমদের ছেলে মিঠু ও আমির হোসেনের ছেলে ওয়াসিম। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন মামলার প্রধান আসামি ফারুক ও শাহেদ। মামলার বাকি তিন আসামি পলাতক বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান কক্সবাজারের মধ্যবাহারছড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ সোলাইমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি-১) মোজাফফর আহমদ হেলালি বলেন, ২০১০ সালের ২০ এপ্রিল রাতে কক্সবাজারের শহীদ মিনার সড়কে বন বিভাগের সামনে মেহেদী হাসান হামলার শিকার হন। আহত মেহেদী চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ ১১ বছর পর আজ মামলার রায় ঘোষণা করা হলো।
আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকারিয়া এ রায়ে সন্তুষ্ট নন। তিনি এ রায়ের বিপক্ষে উচ্চ আদালতে যাবেন।