কক্সবাজারে বন্ধুর ছুরিকাঘাতে পৌর কাউন্সিলরের ছেলে নিহত
কক্সবাজার শহরে বন্ধুর ছুরিকাঘাতে এক পৌর কাউন্সিলরের ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বৈদ্যঘোনার জাদিরামপাহাড় এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক যুবককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।
নিহত ব্যক্তির নাম মো. সাজেন (৩০)। তিনি কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুর মোহাম্মদের ছেলে।
বৈদ্যঘোনা ও জাদিরামপাহাড় এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রির বেশ কয়েকটি আখড়া রয়েছে। দিনরাত এসব আখড়ায় স্থানীয় বখাটে তরুণ–যুবকেরা আড্ডা জমিয়ে মাদক সেবন ও বিক্রি করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে কয়েক বন্ধুর সঙ্গে সাজেন বৈদ্যঘোনা এলাকার পাহাড়ি এলাকা জাদিরামপাহাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় কথা–কাটাকাটির জেরে বন্ধুদের একজন সাজেনের পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাজেনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক যুবককে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, বৈদ্যঘোনা ও জাদিরামপাহাড় এলাকায় ইয়াবাসহ মাদক বিক্রির বেশ কয়েকটি আখড়া রয়েছে। দিনরাত এসব আখড়ায় স্থানীয় বখাটে তরুণ–যুবকেরা আড্ডা জমিয়ে মাদক সেবন ও বিক্রি করেন। তাঁদের কেউ কেউ চুরি-ছিনতাইয়ের সঙ্গেও জড়িত। সম্প্রতি ইয়াবায় আসক্ত ব্যক্তিরা স্থানীয় উকৌশল্ল্যা বৌদ্ধবিহার স্কুলের দরজা-জানালা ভেঙে নিয়ে গেছেন। সেখানে এখন দিনরাত ইয়াবা আসক্ত ব্যক্তিদের আড্ডা চলে। মাদক বিক্রি ও সেবনের ঘটনা নিয়ে কথা-কাটাকাটির জেরে সাজেনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে দাবি এলাকাবাসীর।