কক্সবাজারে বেড়াতে যাওয়ার পথে প্রাণ গেল ৫ বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে কারের মুখোমুখি সংঘর্ষে পাঁচ বন্ধু নিহত হয়েছেন। তাঁরা কারে করে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার রিজভী সাকিব (২৪), চট্টগ্রাম নগরের সাগরিকা অলংকার এলাকার মনসুর আলী (২৪), চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম (২৭), চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার মো. হারুনুর রশিদ (৩০) ও সাতকানিয়া পৌরসভার ছমদরপাড়া এলাকার খোরশেদ আলী সাদ্দাম (৩০)। মনসুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অন্য চারজন ঘটনাস্থলে মারা যান।

নিহত খোরশেদের বড় ভাই আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, ‘আমার ছোট ভাই চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে মুঠোফোনের ব্যবসা করতেন। বন্ধুদের সঙ্গে সে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল।’

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রাকটি মাল নামিয়ে চট্টগ্রামের দিকে ফিরছিল। আর কারের আরোহীরা কক্সবাজারে ঘুরতে যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের আধুনগর ইউপি কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে লোহাগাড়া সদরের বেসরকারি মা-মণি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে চট্টগ্রামে নেওয়ার পথে তিনি মারা যান।

আরও পড়ুন