কক্সবাজারে ভারী বর্ষণের মধ্যে চলছে টিকাদান কার্যক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌরসভার সৈকত বালিকা উচ্চবিদ্যালয় টিকাদান কেন্দ্র। টিকার জন্য নারীদের দীর্ঘ লাইন। শনিবার দুপুরে
ছবি: প্রথম আলো

কক্সবাজার শহর থেকে ১০১ কিলোমিটার দূরে টেকনাফ সদর ইউনিয়ন পরিষদ ভবন। আজ শনিবার ভোর থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ, থামাথামির লক্ষণ নেই। তারপরও ভারী বর্ষণের মধ্যে টিকাদান কেন্দ্রের দিকে ছুটছেন নারী-পুরুষ। টিকা দেওয়ার ক্ষেত্রে এখানকার মানুষের মধ্যে বেশ উৎসাহ-আগ্রহ দেখা যাচ্ছে।

সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুরান পল্লানপাড়ায় ইউপি ভবন। ভবনের একটি কক্ষে স্থাপন করা হয় টিকাদানের বুথ। ভবনের আরও কয়েকটি কক্ষ খোলা রাখা হয়েছে টিকার নিবন্ধন কার্যক্রম পরিচালনা, লোকজনের বসার জায়গা এবং টিকা গ্রহণের পর বিশ্রামের জন্য। বৃষ্টির কারণে ইউপি ভবনের সামনের মাঠে পানি উঠেছে। টিকা নিতে আসা শতাধিক লোকজনকে ভবনের বারান্দায় সারবদ্ধভাবে দাঁড় করানো হয়। সকাল ৯টায় শুরু হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি।

প্রথম টিকা নিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের সচিব সওয়ার আলম। তাঁকে টিকা পুশ করেন স্বাস্থ্য সহকারী হাফেজ আহমদ। সচিব সরওয়ার আলম (৩২) প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণ যে হারে বাড়ছে, তাতে টিকার বিকল্প নেই। টিকা নিতে পেরে তিনি স্বস্তি পাচ্ছেন।

ওই টিকাকেন্দ্রে উপস্থিত হয়েছেন দেড় শতাধিক মানুষ। এর ৯০ শতাংশ পুরুষ, ১০ শতাংশ নারী। কমবেশি সবার বয়স ৪০ বছরের বেশি। কামাল হোসেন (৫৫) নামের এক পানচাষি বলেন, বৃষ্টির জন্য নারীরা কেন্দ্রে আসতে পারছেন না। বেলা তিনটার আগে বৃষ্টি থামলে তাঁরাও টিকা দিতে কেন্দ্রে আসবেন।

টিকার জন্য লোকজন কেন্দ্রে পৌঁছালে প্রথমে তাঁদের স্বাস্থ্যসচেতন করছেন সম্প্রসারিত টিকা কার্যক্রমের ইউনিয়ন সুপারভাইজার আবদুল মতিন ডালিম। মুখে মাস্ক না থাকলে পরার তাগিদ দেন তিনি। তারপর লোকজনকে নিয়ে যাওয়া হয় নিবন্ধনকক্ষে। সেখানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের পর অনলাইনে টিকার নিবন্ধন সম্পন্ন করা হয়। তারপর ওই ব্যক্তিকে টিকাদানের কক্ষে নেওয়া হয়।

আবদুল মতিন প্রথম আলোকে বলেন, নিবন্ধন করতে প্রতিজনের ৫ থেকে ১০ মিনিট সময় লাগছে। ইন্টারনেটের গতিও কম। সকাল ১০টা পর্যন্ত ওই কেন্দ্রে ৩১ জন টিকা নিয়েছেন। অনলাইন নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না।

এই কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে লেঙ্গুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানেও স্থাপন করা হয়েছে আরেকটি কেন্দ্র। ভারী বর্ষণ উপেক্ষা করে এই কেন্দ্রেও উপস্থিত হয়েছেন দুই শতাধিক নারী-পুরুষ। কেন্দ্রে টিকা প্রয়োগকারী স্বাস্থ্য সহকারী রেজাউল করিম (৪০) বলেন, বেলা ১১টা পর্যন্ত তিন ঘণ্টায় এই কেন্দ্রে টিকা নিয়েছেন ৪৮ জন। এর মধ্যে নারী তিনজন।

টিকা দিতে আসা স্থানীয় গৃহবধূ কামরুন্নেছা (৪৫) বলেন, করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনায় আক্রান্ত হয়ে চেনাজানা অনেকের মৃত্যু হয়েছে। যাঁরা টিকা নিচ্ছেন, তাঁদের নাকি মৃত্যুঝুঁকি কম, তাই সবার মতো তিনিও টিকার জন্য কেন্দ্রে এসেছেন।

সম্প্রসারিত টিকাদান কর্মসূচি টেকনাফ উপজেলা সুপারভাইজার প্রণব কুমার ধর বলেন, সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ায় টিকাদানে ধীরগতি চলছে। প্রতিটা কেন্দ্রে ২০০ জনকে টিকা প্রয়োগের নির্দেশনা আছে। অতি বয়স্ক, প্রতিবন্ধী ও অসুস্থ লোকজনকে টিকাদানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে।

টেকনাফ উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৫টি কেন্দ্রে সকাল ৯টা থেকে শুরু হয়েছে সম্প্রসারিত টিকা কার্যক্রম। সব কটি কেন্দ্র পরিদর্শন শেষে বেলা ১১টায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মহাসচিব এবং টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিটু চন্দ্র শীল বলেন, তখন পর্যন্ত ১৫টি কেন্দ্রে ৭৪০টির মতো টিকা প্রয়োগ হয়েছে। টিকার জন্য প্রতিটা কেন্দ্রে অপেক্ষা করছেন আরও কয়েক শ নারী-পুরুষ।

সিভিল সার্জন মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণের মধ্যেও টিকার জন্য হাজারো মানুষ বিপুল উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন। বেলা সাড়ে ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টায় জেলার ২৫০টি কেন্দ্রে প্রায় ১২ হাজার নারী-পুরুষ টিকা নিয়েছেন। বিকেল চারটা পর্যন্ত আরও ৩৪ হাজার মানুষকে টিকা প্রয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারিত আছে।