কক্সবাজারে ‘মুঠোফোনে জুয়া খেলার’ জেরে একজনকে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারধর
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মুঠোফোনে জুয়া খেলাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইক্কাঘোনা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুছ (৪০) একই এলাকার বাসিন্দা।

হারবাং ইউনিয়নের দফদার মোহাম্মদ শাহেদ প্রথম আলোকে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মইক্কাঘোনা পাহাড়ি এলাকার ইউছুপের দোকানের সামনে মোহাম্মদ ইউনুছ স্থানীয় নুরুন নবী, জাকিরসহ কয়েকজনের সঙ্গে স্মার্টফোনে জুয়া খেলছিলেন। খেলার পর জুয়ার টাকার ভাগ নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে নুরুন নবী, জাকিরসহ কয়েকজন ইউনুছকে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল, ঘুষি ও পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই ইউনুছের মৃত্যু হয়। রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার দে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় মামলা হয়নি। মুঠোফোনে জুয়া খেলা নিয়ে এই হত্যাকাণ্ড। অভিযুক্ত ব্যক্তিদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।