কক্সবাজারে মোর্শেদ আলী হত্যা মামলা, আ.লীগের চার নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে নিহত মোরশেদ আলী
ছবি: সংগৃহীত

কক্সবাজার  সদর উপজেলার পিএমখালীতে সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে স্থানীয় যুবক মোর্শেদ আলীকে (৩৮) হত্যার ঘটনায় জড়িত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ দলের চার নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতারা এক বিজ্ঞপ্তির মাধ্যমে চার নেতাকে বহিষ্কারের কথা জানিয়েছে।

বহিষ্কৃত অপর নেতারা হলেন আবদুল মালেক, জয়নাল আবেদীন ও আবু তাহের। সবার বাড়ি পিএমখালী ইউনিয়নে।

ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মাহমুদুল করিম, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন, ছৈয়দ রেজাউর রহমান ও টিপু সুলতান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পিএমখালীতে মোর্শেদ আলী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ ও পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, সদস্য জয়নাল আবেদীন, আবু তাহের ও সিরাজুল মোস্তফা আলালকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে দলে চার নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেন যুগ্ম আহ্বায়ক ও ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিপু সুলতান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ৭ এপ্রিল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পিএমখালীর চেরাং ঘরবাজার এলাকায় একদল লোক প্রকাশ্যে মোর্শেদ আলীকে রাস্তায় ফেলে লাঠি ও হাতুড়ি দিয়ে আঘাত করে। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মোর্শেদ আলী পিএমখালী ইউনিয়নের মাইজপাড়ার মৃত ওমর আলীর ছেলে।

৯ এপ্রিল হত্যাকাণ্ডের ঘটনায় মোর্শেদ আলীর ভাই জাহেদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, দলের নেতা আবদুল মালেক, জয়নাল আবেদীন, আবু তাহের, মাহমুদুলসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এ ঘটনায় পুলিশ স্থানীয় চেরাংঘর বাজার কমিটির সভাপতি দিদারুল ইসলাম, হামলার অন্যতম মাহমুদুল হকের দুই ভাগনে জাহেদুল ইসলাম ও মো. ইয়াছিনকে গ্রেপ্তার করে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস বলেন, সেচ প্রকল্প নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আত্মগোপনে থাকায় আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, আবদুল মালেক, মাহমুদুল হকসহ অন্য আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।