কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার
কক্সবাজারে একটি রিসোর্ট থেকে মোহাম্মদ ফয়সাল ওরফে হৃদয় (২১) নামের এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা আড়াইটার দিকে সৈকতের কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ।
ফয়সাল কুমিল্লার দেবীদ্বারের বিজিবির সাবেক সুবেদার আলী আকবরের ছেলে। তবে তাঁরা বর্তমানে ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করেন বলে জানিয়েছে পুলিশ।
হোটেল কর্তৃপক্ষ ও পরিবারের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশেরর পরিদর্শক রুহুল আমিন বলেন, বুধবার সকালে কলাতলীর হোটেল-মোটেল জোনের সিকদার রিসোর্টে কক্ষ ভাড়া নেন হৃদয়। বৃহস্পতিবার সকালেও তাঁকে নাশতা করতে দেখেছেন রিসোর্টের লোকজন। কিন্তু বেলা আড়াইটার সময় পর্যন্ত নড়াচড়া না দেখে হোটেল কর্মচারীর সন্দেহ হয়। ডাকাডাকির পর বের না হওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ফয়সালের মরদেহ উদ্ধার করে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে পরিদর্শক রুহুল আমিন বলেন, কোনো একটা বিষয়ে পরিবারের সঙ্গে ফয়সালের ঝগড়া হয়েছে বলে শুনেছেন। ওই বিষয়ে তাঁর মাকে মুঠোফোনে খুদে বার্তাও পাঠিয়েছিলেন। তিনি আরও বলেন, মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।