কক্সবাজারে সংরক্ষিত বনে অবৈধ ৩১ ইটভাটা
কক্সবাজার শহর থেকে ৫৯ কিলোমিটার দূরে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী বাজার। এখান থেকে পূর্ব দিকে ৩ কিলোমিটার গেলে গাবতলী বাজার, এরপর সংরক্ষিত বনাঞ্চলের উচিতারবিল এলাকা। এলাকাটি হাতির অভয়ারণ্য। এই অভয়ারণ্যের উঁচু একটি পাহাড়ের পাদদেশে তৈরি হয়েছে জেএলবি নামের একটি ইটভাটা। ভাটার মালিক চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, কক্সবাজারের টেকনাফ, রামু, চকরিয়া, কক্সবাজার সদর, ঈদগাঁও ও পেকুয়া উপজেলায় ইটভাটা আছে ১০৯টি। এর মধ্যে পাঁচটির উৎপাদন বন্ধ আছে। অবশিষ্ট ১০৪টি ভাটার মধ্যে ৫৪টির বৈধ কাগজপত্র নেই। এই ৫৪টির মধ্যে ৩১টি ভাটা তৈরি হয়েছে সংরক্ষিত বন ও পাহাড়ের জায়গায়। ৬ থেকে ১৫ বছর ধরে এসব ভাটায় ইটের উৎপাদন চলছে।
কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, সংরক্ষিত বনাঞ্চল ও পাহাড়ের কাছে স্থাপিত ৩১টি ইটভাটা উচ্ছেদের জন্য জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরে চিঠি লেখা হয়েছে, কিন্তু উচ্ছেদ হচ্ছে না। এতে বনাঞ্চল উজাড়, হাতি চলাচলের করিডর বিলুপ্ত ও প্রাকৃতিক জলাশয় ধ্বংস হচ্ছে।
সম্প্রতি জেএলবি নামের ইটভাটায় গিয়ে দেখা গেছে, পুরোদমে ইটের উৎপাদন চলছে। ভাটার পূর্ব পাশেই পাহাড়। কয়েকজন শ্রমিক বলেন, দিনের বেলায় এই ভাটায় কয়লা ব্যবহার করা হলেও রাতে ইট উৎপাদন চলে বনের কাঠ পুড়িয়ে। দুর্গম এলাকায় এই ভাটায় দিনের বেলায়ও কেউ পা ফেলার সাহস দেখান না।
৮ মার্চ জেএলবি নামের অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছিল। আবার ইটের উৎপাদন হচ্ছে। দুদিন আগে ইট উৎপাদন বন্ধ রাখতে ভাটার মালিক গিয়াস উদ্দিন চৌধুরীকে নোটিশ দেওয়া হয়েছে। এই ইটভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
স্থানীয় বনকর্মীদের ভাষ্য, ২০০৯ সালের শেষের দিকে গিয়াস উদ্দিন চৌধুরী রাজনৈতিক প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনের ভেতর ভাটাটি স্থাপন করেন। ভাটা স্থাপন করতে গিয়ে বনের পাহাড় ও গাছপালা নিধন করেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে। কিন্তু ইটের উৎপাদন বন্ধ করা যাচ্ছে না।
সর্বশেষ ৮ মার্চ এই ইটভাটায় অভিযান চালান পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক্সকাভেটর দিয়ে ভাটার কিছু অংশ গুঁড়িয়ে দেওয়া হয়। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই পুরোদমে শুরু হয় ইট উৎপাদন। এর প্রতিবাদে এবং এলাকার জীববৈচিত্র্য রক্ষার দাবিতে সম্প্রতি স্থানীয় লোকজন চকরিয়া-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। কিন্তু ভাটা বন্ধ হয়নি।
এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, ৮ মার্চ অবৈধ এই ভাটা বন্ধ করা হয়েছিল। এখন পুনরায় ইটের উৎপাদন হচ্ছে। দুদিন আগে ইট উৎপাদন বন্ধ রাখতে ভাটার মালিক গিয়াস উদ্দিন চৌধুরীকে নোটিশ দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে উৎপাদন বন্ধ না করলে ব্যবস্থা নেওয়া হবে। এই ইটভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
সংরক্ষিত বনের ভেতর ইটভাটা স্থাপনের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও গিয়াস উদ্দিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে এর আগে তিনি প্রথম আলোকে বলেছিলেন, ভাটার বিপরীতে লাইসেন্সের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র না পাওয়ায় লাইসেন্স হয়নি।
এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে ফাঁসিয়াখালী রেঞ্জের সুরাজপুর-মানিকপুর বনাঞ্চলে তৈরি হয়েছে পাঁচটি ইটভাটা। তিনটিতে ইট উৎপাদন চলছে, দুটির উৎপাদন বন্ধ। ভাটায় উৎপাদিত ইট পরিবহনের জন্য পাহাড়ের বুক চিরে তৈরি হয়েছে ১৫ থেকে ২২ ফুট প্রস্থের আধা কিলোমিটারের রাস্তা। রাস্তাটি তৈরির সময় কয়েকটি পাহাড় ও বিপুলসংখ্যক গাছপালা কাটা হয়। এখন এই পথে ট্রাকে সরবরাহ করা হচ্ছে ইট।
এর একটি ইটভাটার মালিক স্থানীয় শাহ আলম। পরিবেশ ছাড়পত্র ছাড়াই শাহ আলমের ভাটায় ইট উৎপাদন চলছে তিন বছর ধরে। এ বিষয়ে তিনি বলেন, ‘পরিবেশ ছাড়পত্রের জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু বনের ভেতরে বলে ছাড়পত্র দিচ্ছে না পরিবেশ অধিদপ্তর।’
এ প্রসঙ্গে মানিকপুর বিট কর্মকর্তা সাইফুর রহমান বলেন, বনাঞ্চলের ভেতর ইটভাটাগুলো অনেক আগে হয়েছে। আর রাস্তাটি হয়েছে কয়েক বছর আগে। তখন তিনি দায়িত্বে ছিলেন না।
চলতি বছর অবৈধ ইটভাটা সংক্রান্ত মামলা হয়েছে ৩৫টি। গত বছর মামলা হয়েছিল ৫৫টি। জিগজ্যাগ চিমনিবিশিষ্ট ইটভাটা স্থাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ২০০১ সালে।
২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী, সংরক্ষিত বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটার দূরত্বের মধ্যে ইটভাটা স্থাপন নিষিদ্ধ। কিন্তু টেকনাফের হোয়াইক্যং, ঈদগাঁও, রামুর কাওয়ারখোপ ও খুনিয়াপালং এলাকায় বনাঞ্চল ও পাহাড়ের পাদদেশে অসংখ্য ভাটা স্থাপিত হয়েছে। অধিকাংশ ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অবৈধ ইটভাটাগুলো উচ্ছেদে অভিযান চলছে। চলতি বছর এ বিষয়ে মামলা হয়েছে ৩৫টি। গত বছর মামলা হয়েছিল ৫৫টি। কিন্তু লোকবলসংকটের কারণে দুর্গম এলাকার ভাটাগুলো নিয়মিত তদারক করা সম্ভব হচ্ছে না। এসব কাজের জন্য এখানে জনবল মাত্র ছয়জন। উপজেলা কিংবা মাঠপর্যায়ে কেউ নেই।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, জিগজ্যাগ চিমনিবিশিষ্ট ইটভাটা স্থাপন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে ২০০১ সালে। অথচ এখানে বেশির ভাগই এমন ইটভাটা।