কক্সবাজারে সেচ প্রকল্প নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে সেচ প্রকল্প পরিচালনা নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পিএমখালীর চেরাংঘর বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত যুবকের নাম মোর্শেদ আলী (৩৮)। তিনি পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগ, ধান চাষের সেচ প্রকল্প নিয়ে মোর্শেদ আলীর সঙ্গে স্থানীয় আরেক যুবক মাহমুদুল হকসহ কয়েকজনের বিরোধ ছিল। এরই জেরে মাহমুদুল হকের পরিকল্পিত হামলায় মোর্শেদ আলীকে হত্যা করা হয়েছে বলে তাঁরা দাবি করছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গতকাল রাতে তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
নিহত ব্যক্তির ভাই জয়নাল আবেদীনের ভাষ্য, গতকাল সন্ধ্যায় মোর্শেদ আলী চেরাংঘর বাজারে গেলে মাহমুদুল হক ও তাঁর সহযোগী জয়নাল আবেদীন, কলিম উল্লাহসহ ১৮-২০ জনের একটি দল মোর্শেদ আলীর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা লোহার রড, ছুরি ও লাঠি দিয়ে আঘাত করলে মোর্শেদ আলী মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন সেখানে এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে তাঁরা মুমূর্ষু অবস্থায় মোর্শেদ আলীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোর্শেদ আলী মারা যান।
ঘটনার পর থেকে অভিযুক্ত মাহমুদুল হক গা–ঢাকা দিয়েছেন বলে জানা গেছে। তাই অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেচ প্রকল্প পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মধ্যে একাধিক মামলাও আছে। এসব বিষয় বিবেচনায় রেখে হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে।