কক্সবাজারে ১৩ লাখ ইয়াবাসহ আটক ২
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাট এলাকা থেকে ১৩ লাখ ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ইয়াবাগুলোর মূল্য আনুমানিক ৬০ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব।
গত রোববার সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার নৌকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। ইয়াবার চালানটি আনা হয় মিয়ানমার থেকে।
অভিযানের সময় দুই ব্যক্তিকে আটক করে র্যাব। তাঁরা হলেন কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ার মো. বিল্লাল (৪৫) এবং উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের এইচ-১৪ ব্লকের বাসিন্দা মো. আয়াছ (৩৪)।
ইয়াবার বড় চালান জব্দের ঘটনায় আজ সোমবার দুপুর ১২টায় র্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে ব্রিফিং করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল আহমদ সরওয়ার। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নিয়ে একটি মাছ ধরার নৌকা আসছে খবর পেয়ে বৈরী পরিবেশের উত্তাল সাগরে নামে র্যাবের দল। গভীর সাগরে গিয়ে ইয়াবাবোঝাই ট্রলারটি ধাওয়া করে র্যাব-১৫ পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল। উত্তাল সাগরে ট্রলারটি গভীরের দিকে যেতে না পেরে একপর্যায়ে কক্সবাজার শহরের বাঁকখালীর নদীতে ঢুকে মাঝিরঘাট এলাকায় থামে। সেখানেই ট্রলারটি জব্দ করে র্যাব। পরে ট্রলারের গোপন আস্তানা থেকে ১৩ লাখ ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ট্রলার থেকে ইয়াবা উদ্ধারের পর আটক দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে র্যাব জানতে পারে, ইয়াবাগুলো মিয়ানমার থেকে আনা হয়।
র্যাব-১৫ কক্সবাজারের সহকারী পরিচালক (গণমাধ্যম) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তাঁরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা পাচারের সঙ্গে মাছ ধরার কিছু ট্রলারের মালিক জড়িত। স্থল ও নদীপথে র্যাব মাদকবিরোধী অভিযান জোরদার করলে মাদক ব্যবসায়ীরা ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে গভীর সমুদ্রকে বেছে নিয়েছেন। আটক দুই ব্যক্তিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।