কক্সবাজারের পরিবেশ রক্ষা ও সৈকত দখলমুক্তির দাবিতে ‘মানবপ্রাচীর’
কক্সবাজারের পরিবেশ রক্ষা ও সৈকত দখলমুক্তির দাবিতে ‘মানবপ্রাচীর’ কর্মসূচি পালিত হয়েছে। আন্তর্জাতিক জলবায়ু কর্ম দিবস-২০২১ পালনের অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ। আজ রোববার দুপুরে সৈকতের দরিয়ানগর এলাকায় এই কর্মসূচি থেকে ৭০০ একর বনভূমি ইজারা বাতিলেরও দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, কক্সবাজারে একদিকে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীর চাপ, অন্যদিকে নিধন ও উজাড়ের কারণে জেলার পাহাড়, টিলা ও বনাঞ্চল হুমকিতে। অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণের কারণে দখল ও দূষণে শিকার বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, বাঁকখালী ও কুহেলিয়া নদী। এখন সৈকতসংলগ্ন দনিয়ানগর বনাঞ্চলের ৭০০ একর বনভূমি সিভিল সার্ভিস একাডেমির নামে বন্দোবস্ত দেওয়া হয়েছে।
বক্তারা সৈকতসংলগ্ন ৭০০ একর বনভূমি সিভিল সার্ভিস একাডেমির নামে বন্দোবস্ত দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে বনভূমি রক্ষায় বন্দোবস্ত বাতিল ও পাহাড় কাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন বাপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ জামিল, বাপা কক্সবাজার জেলা শাখার সভাপতি ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক এম জসিম উদ্দিন, আমরা কক্সবাজারীর সভাপতি এইচ এম নজরুল ইসলাম, সাংবাদিক আহমদ গিয়াস, সমাজকর্মী ইরফান উল হাসান, আবু বক্কর সিদ্দিকী প্রমুখ। শহরের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন, নাগরিক কমিটি ও সামাজিক সংগঠনের নেতা–কর্মীরা মানবপ্রাচীরে অংশ নেন।
ফজলুল কাদের চৌধুরী বলেন, সরকারের যথাযথ নজরদারি ও তদারকি না থাকায় শহরের কলাতলী থেকে ইনানী পর্যন্ত সমুদ্রসৈকতের বালিয়াড়িতে একের পর অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। সমুদ্রসৈকতে অবৈধ দখল ও দূষণ বন্ধে কার্যকর ভূমিকা প্রয়োজন। সৈকত সংরক্ষণ না করলে পর্যটন শহরে ভবিষ্যতে মারাত্মক বিপর্যয় নেমে আসবে।