কচি হাতের ছোঁয়ায় একুশের আলপনা
রং-তুলি হাতে ছোট্ট সোনামণি আর কিশোর-কিশোরীদের ছোটাছুটি। কেউ কেউ একমনে তুলির আঁচড়ে রাঙিয়ে তুলছে সড়ক, কেউবা দিচ্ছে নির্দেশনা, কেউ এনে দিচ্ছে রঙের কৌটা। দেখতে দেখতে সড়কটি ঢেকে যায় আলপনায়। আর তা দেখতে ভিড় জমায় শহরের মানুষ।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের সড়কজুড়ে এ আলপনা আঁকা হয়েছে। আলপনাটি এঁকেছে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীরা।
আজ রোববার বেলা দেড়টার দিকে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, পরিপাটি করে সাজানো হয়েছে শহীদ মিনার। স্থাপন করা হয় মিনারের টকটকে লাল সূর্যটি। পাশের রাস্তায় শিশু-কিশোরেরা আলপনা আঁকছে। তাদের মধ্যে উৎসব উৎসব ভাব। কয়েকজন যুবক তাদের নির্দেশনা দিচ্ছিল। অনেকেই সেখানে আঁকার ফাঁকে ফাঁকে সেলফি তুলতে ব্যস্ত।
২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি ঠাকুরগাঁওয়ের তৎকালীন জেলা প্রশাসক আবদুল আওয়াল শিক্ষার্থীদের ডেকে নিয়ে শুরু করেন একুশের আলপনা আঁকা। সে সময় শহরের চিত্রশিল্পী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও আলপনা আঁকায় অংশ নেন। তার পরের দুই বছরও এ সড়কে আলপনা আঁকা হয়। তবে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর তা হয়নি।
আলপনা আঁকতে এসেছিল ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইতা তাবাসসুম। বিভিন্ন রং লেগে তার মুখ রঙিন করে গেলেও সেদিকে মন নেই তার। আলপনায় তুলির আঁচড় দিতেই সে ব্যস্ত। সুবাইতা তাবাসসুম বলে, ‘গত দুই বছর আলপনার উৎসব হয়নি। এবার হচ্ছে জানতে পেরেই চলে এসেছি।’
দূরে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আলপনা আঁকা দেখছিল ইকো পাঠশালার কেজি শ্রেণির শিক্ষার্থী রাইহান আবির (৫)। একঝটকায় মায়ের হাত ছাড়িয়ে চলে আসে রাস্তায়। রং–তুলি নিয়ে রাঙাতে শুরু করে আলপনা। একটু পর চিৎকার করে বলে, ‘মা, দেখো কী সুন্দর রং করছি!’
আয়োজক মাসুদ রানা বলেন, ‘আজ যারা আলপনায় হাত বাড়িয়েছে, তারা কেউ পাকা শিল্পী নয়। ভাষাশহীদদের প্রতি ভালোবাসা থেকেই তারা এ কাজটি করেছে। আজ তারা কচি হাতেই এসব আলপনা ফুটিয়ে তুলেছে, যা দেখে আমি অভিভূত।’
আলপনা উৎসবে যোগ দিয়ে চিত্রশিল্পী কাদিমুল ইসলাম বলেন, ‘একুশের দিন প্রহরে খালি পায়ে হাঁটার সময়টায় পিচঢালা রাস্তা আলপনাবিহীন, এমনটা ভাবা যায় না। পথের বুকে আন্দোলনের ইতিহাস রয়েছে আমাদের, পথের এ আলপনায় ফুটে ওঠে সেই আবেগ, সেই স্মৃতি; শোককে শক্তিতে পরিণত করার সেই অনুভূতি। এ অনুভূতি থেকেই কচি হাতের ছোঁয়ায় একুশের আলপনা জীবন্ত হয়ে উঠেছে।’
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, একুশের সঙ্গে আলপনার একটি গভীর সম্পর্ক রয়েছে। এখানে আরও বড় পরিসরে আলপনা আঁকার আয়োজনে জেলা প্রশাসন উদ্যোগ নেবে।