কচুয়ায় মহিলা ভাইস চেয়ারম্যানও জয়ী হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়
বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পর এবার মহিলা ভাইস চেয়ারম্যানও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন; তিনি তাসলিমা বেগম। তিনি উপজেলার প্রয়াত চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের স্ত্রী। তাসলিমা এর আগে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
গতকাল সোমবার নির্বাচনের মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসলিমা বেগমের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন। এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরে মহিলা ভাইস চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একক প্রার্থী হিসেবে তাসলিমা বেগম মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ রয়েছে। এরপর একক প্রার্থী থাকলে তাঁকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ৯ অক্টোবর মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ের মধ্যে শুধু তাসলিমা বেগম মনোনয়নপত্র জমা দেন।