কটিয়াদীতে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নুরু মিয়া (৬০) নামের এক ব্যক্তিকে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে কটিয়াদী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের কামারকোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নুরু মিয়া বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) অবসরপ্রাপ্ত একজন নায়েক ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে নুরু মিয়া চাকরি থেকে অবসরে যান। এরপর থেকে তিনি স্থায়ীভাবে কামারকোনা এলাকার পৈতৃক বাড়িতে বসবাস করে আসছিলেন। তাঁর তিন মেয়ে। সবার বিয়ে হয়ে গেছে। ছয় মাস আগে স্ত্রী জুলেখা বেগম সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে নুরু বাড়িতে একাই থাকতেন। নুরুর সৎবোন নুর নাহার বেগম। একই এলাকার শামসু মিয়ার কাছে নুর নাহারের বিয়ে হয়। দুই মাস আগে পৈতৃক জায়গায় একটি ঘর তৈরি করতে চান নুরু। ঘর তৈরির জন্য তিনি বর্তমান বাড়ির লাগোয়া একটি স্থান নির্বাচন করেন। কিন্তু জায়গাটি নুর নাহার তাঁর নিজের জায়গা দাবি করেন। এ নিয়ে ভাই–বোনের মধ্যে বিরোধ লাগে। এ বিষয়ে একাধিক সালিসও হয়েছে। সালিসের রায় নুরু মিয়ার পক্ষে যায়। নুরু মিয়া আজ দুপুর ১২টার দিকে ঘর তৈরির কাজ শুরু করেন। এ খবর পেয়ে নুর নাহারের লোকজন গিয়ে রড দিয়ে পিটিয়ে নুরুকে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তিনি মারা যান।
নুরু মিয়ার শ্যালক মঞ্জিল মিয়া বলেন, ভাই–বোনের বিরোধের মূল কারণ পারিবারিক সম্পত্তি। মূলত নুর নাহার বাইরে থেকে লোকজন এনে হামলা চালিয়ে ও রড দিয়ে পিটিয়ে নুরু মিয়াকে হত্যা করেছেন।
এ ঘটনার পর নুর নাহার ও তাঁর পরিবারের সদস্যরা পালিয়েছেন। নুর নাহারের মুঠোফোনে কল করলে তাঁর নম্বর বন্ধ পাওয়া গেছে।
কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি। তবে নুরু মিয়ার পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে।