কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রবাসীর এক স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার কমরভোগ গ্রামে বাবার বাড়িতে খুন হন তিনি। নিহত গৃহবধূর নাম সাবিনা আক্তার (২২)।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বলেন, সাবিনার বাবার বাড়ি কটিয়াদির কমরভোগ গ্রামে। তাঁর বাবার নাম ফুল মিয়া। তিন বছর আগে চাচাতো ভাই দ্বীন ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই দ্বীন ইসলাম চাকরি নিয়ে সৌদি আরব চলে যান। এই সময়ের মধ্যে আর দেশে আসেননি তিনি। বিয়ের প্রথম কয়েক মাস সাবিনা স্বামীর বাড়ি থেকেছেন। স্বামী ও বাবার বাড়ি পাশাপাশি। কয়েক মাস পর থেকে শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে সাবিনার দূরত্ব বাড়ে।

একপর্যায়ে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে থাকতে শুরু করেন। শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব বাড়লেও স্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ ছিল তাঁর। সাবিনা থাকতেন আলাদা কক্ষে। আজ সকালে পরিবারের সদস্যরা বিছানায় গলাকাটা অবস্থায় সাবিনার লাশ পড়ে থাকতে দেখেন।

সাবিনার মা মদিনা বেগম বলেন, ‘রাত ১১টা পর্যন্ত মেয়ে আমার সঙ্গেই ছিল। ১১টার পর নিজের রুমে যায়। কারা তাঁর মেয়েকে হতা করেছে এবং কেন হত্যা করেছে তা আমি জানি না।’

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, ধারালো অস্ত্র দিয়ে সাবিনার গলা কাটা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্নও রয়েছে। কারা এবং কেন সাবিনাকে হত্যা করেছে, তার রহস্য উন্মোচনে বেশি সময় লাগবে না।