কটিয়াদীতে সড়কের পাশে পড়ে ছিল নিখোঁজ কৃষকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মহরম আলী (৪২) নামের এক ব্যক্তি গতকাল শনিবার দুপুরের খাবার খেয়ে ঘর থেকে বের হওয়ার পর আর ফেরেননি। এক দিন পর আজ রোববার সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের একটি নির্মাণাধীন সড়কের পাশে তাঁর ক্ষতবিক্ষত লাশ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, মহরম আলীর বাড়ি উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে। বাবার নাম ফতে আলী। তাঁর সংসারে স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। সাত বছর তাঁর প্রবাসজীবন ছিল। আট বছর আগে দেশে ফিরে এসে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করছেন। স্থানীয় একটি অপরাধী চক্রের সঙ্গে তাঁর সখ্য ছিল। এ অবস্থায় গতকাল দুপুরে খাবার খেয়ে বাইরে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। সন্ধ্যার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তাঁর খোঁজে বের হন। আজ সকালে সড়কের পাশে পথচারীরা তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।

মহরম আলীর স্ত্রী লতিফা বেগম বলেন, ‘আমার স্বামী কৃষিকাজ ছাড়া আর তেমন কিছু করতেন না। কারও সঙ্গে বিরোধ আছে, তা–ও জানা ছিল না। কী কারণে দুর্বৃত্তরা তাঁকে খুন হতে পারে, তা–ও ধারণা করতে পারছি না। এ ঘটনায় আজ রাতের মধ্যে তিনি বাদী হয়ে হত্যা মামলা করবেন।’

কটিয়াদী থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মরহম আলীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই।