কঠোর বিধিনিষেধে রংপুর শহর সুনসান

দুই সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিনে রংপুর নগরের প্রধান সড়কগুলো অনেকটাই ফাঁকা ছিল। আজ শুক্রবার জাহাজকোম্পানী মোড়ে।ছবি: মঈনুল ইসলাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ শুক্রবারই রংপুর রিভাগীয় শহর অনেকটাই সুনসান। সড়কে যান চলাচল নেই। পুলিশ ও সেনাবাহিনীর তৎপরতার কারণে মানুষের উপস্থিতিও খুবই কম। ভ্রাম্যমাণ আদালত সকাল থেকেই নেমে পড়েছেন। জরিমানা করছেন। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ তল্লাশি চালাচ্ছে।

আজ শুক্রবার সকাল থেকেই প্রধান সড়কে যানবাহন চলাচল নেই বললে চলে। তবে দু–একটি রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা যায়। ঈদের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবারও সড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি ছিল। আজ কঠোর বিধিনিষেধে কড়াকড়ি আরোপে বন্ধ হয়ে গেছে এসব যানবাহনের চলাচল। একই সঙ্গে প্রধান সড়ক ছাড়াও পাড়া–মহল্লার সড়কগুলোতেও যানবাহন চলাচলও কমে গেছে।

সরেজমিন দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরাও শহরের প্রধান সড়কে টহল দিচ্ছেন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতকে শহরের প্রধান সড়কে বেশ তৎপর লক্ষ করা যায়। শহরের শাপলা চত্বর, গ্র্যান্ড হোটেল মোড়সহ আরও কিছু এলাকায় যারা বিনা কারণে বাইরে বের হয়েছে, তাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যারা মাস্ক পরেনি, এমন অনেককে জরিমানাও করছেন ভ্রাম্যমাণ আদালত।

রংপুরে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। আজ শুক্রবার শাপলাচত্বরে।
ছবি: প্রথম আলো

নগরের শাপলা চত্বর, মেডিকেলে মোড়, কাচারি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়ে পুলিশের উপস্থিতি সবচেয়ে বেশি লক্ষ করা যায়। জেলা পরিষদ সুপারমার্কেটের সামনে থেকে গ্র্যান্ড হোটেল মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার প্রধান সড়কের কিছু স্থানে গাড়ি চলাচলে নিয়ন্ত্রণে রাখতে প্রতিবন্ধকতা দিয়ে ওয়ানওয়ে সড়ক করা হয়েছে। এসব স্থানে পুলিশ মাঝেমধ্যে রিকশা আটকে অনেককে জিজ্ঞাসাবাদ করতে দেখা যায়।

এদিকে পুলিশের পক্ষ থেকে গাড়িতে করে মাইকিং করা হচ্ছে। পুলিশ জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলার কথাও বলা হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতও সড়কে কাজ করছেন।  
ঈদের দুদিন পরে নিত্যপণ্যের বাজারে মানুষের ভিড় আগের মতো নেই। হাতে গোনা কিছু মানুষ কেনাকাটা করতে এসেছেন। মাছের বাজারে কিছু ক্রেতা দেখা গেছে। বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে।
বাজারে মাছ কিনতে আসা মানুষের মুখে মাস্ক নেই। মাস্ক থাকলেও থুতনিতে।

মাছ বাজারের এক ক্রেতার কাছে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কথা বলতে মাস্ক নিচে নামিয়ে দিয়ে’ তাহলে এই মাস্ক পরার অর্থ কী জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে অভ্যাস।’

শহরে প্রবেশের ১৫টি স্থানে পুলিশ নতুন করে তল্লাশিচৌকি বসিয়েছে। এর মধ্যে মেডিকেল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, সাতমাথা, শালবন মোড়, জিলা স্কুল মোড়, পায়রা চত্বর, শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পার্ক মোড়, মডার্ন মোড় উল্লেখযোগ্য।

নগরের মেডিকেল মোড় এলাকায় কথা হলো রিকশাচালক একরাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘শহরের ফাঁকফোকর দিয়া রিকশা চালা লাগবে। কেননা, বাড়িত পাঁচজন খাওয়াইয়া। পেট তো চালানো লাগবে।’

মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাব হোসেন বলেন, পুলিশ এবার আগের থেকে বেশি তৎপর থাকবে। কেননা, এ অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ বেড়েছে। তাই মানুষজনকে সচেতনতায় পুলিশের গাড়ি থেকে মাইকে প্রচার চালানো হচ্ছে। একই সঙ্গে শহরের একাধিক স্থানে পুলিশ অবস্থান নিয়ে সার্বক্ষণিক কাজ করছে।