কঠোর বিধিনিষেধে রাস্তা ফাঁকা, হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পুরো ফাঁকা। এলেঙ্গা, কালিহাতী, টাঙ্গাইল, ২৩ জুলাই বেলা ১১টা।
ছবি: প্রথম আলো

করোনাভাইরাস মোকাবিলায় সারা দেশে কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ শুক্রবার সকালে কিছু যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পুরো ফাঁকা হয়ে যায়। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ পাহারা বসিয়েছে। তাই অনেককে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা যায়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উত্তরবঙ্গ থেকে যাত্রীবাহী কিছু যানবাহন সকালের দিকে ঢাকার দিকে গেছে। গভীর রাতে রওনা হয়ে সেতু অতিক্রম করতে সকাল হয়ে যায়। তবে স্থানীয় কোনো যানবাহন সকাল থেকেই রাস্তায় নামেনি। এই মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ তল্লাশিচৌকি বসিয়েছে। পিকআপভ্যানসহ সিএনজিচালিত কিছু অটোরিকশা রাস্তায় নামলেও তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পরে ওই সব পিকআপ ভ্যান গন্তব্যে যেতে না দিয়ে যেদিক থেকে এসেছিল, সেদিকেই ফিরিয়ে দেওয়া হয়েছে।

সরেজমিন বেলা ১১টার দিকে এই মহাসড়কের টাঙ্গাইল শহর বাইপাস থেকে এলেঙ্গাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক পর্যন্ত ঘুরে দু-একটি মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। বাইপাস মোড়, পৌলী, এলেঙ্গাতে ফাঁকা মহাসড়কে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মহাসড়কে হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কোনো যানবাহন বিধিনিষেধ ভেঙে রাস্তায় বের হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে টাঙ্গাইল শহর ও শহরতলিতে কঠোর বিধিনিষেধের প্রথম দিন দোকানপাট বন্ধ রয়েছে। দু-একটি রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন রাস্তায় নামেনি। সরেজমিন দেখা যায়, জেলা শহরের নতুন বাসস্ট্যান্ড, জেলা সদর গেট, কুমুদিনী কলেজ মোড়, পুরোনো বাসস্ট্যান্ড, নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, বেবিস্ট্যান্ড, আকুরটাকুর বটতলাসহ বিভিন্ন স্থানে পুলিশ পাহারা রয়েছে। জরুরি প্রয়োজনে মানুষকে পাঁয়ে হেটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।