কঠোর বিধিনিষেধেও ঈদের দাওয়াত খেতে বের হয়েছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে বিপাকে পড়েছেন তাঁরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের তালাইমারী এলাকায়
ছবি : শফিকুল ইসলাম

কোরবানির ঈদের তৃতীয় দিনে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ। রাজশাহীতে বিধিনিষেধের সেই কঠোরতার মধ্যেও যেন ঈদের রেশ রয়েছে গেছে। করোনা সংক্রমণ ঠেকাতে দোকানপাট বন্ধ, রাস্তাঘাট প্রায় ফাঁকা হলেও কেউ কেউ নানা ছলে কুটুম বাড়িতে দাওয়াত খেতে বের হয়েছেন। পুলিশের হাতে হেনস্তাও হচ্ছেন। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী নগরের বিভিন্ন সড়কে এ ধরনের দৃশ্য চোখে পড়েছে।

আজ বেলা ১১টা বেজে ৩৯ মিনিট। রাজশাহী নগরের তালাইমারী চেকপোস্টে পুলিশ আটকে দেয় একটি ভ্যান। তাতে তিনজন যাত্রীর সঙ্গে একটি ছাগলও ছিল। ছাগলের জন্য ঘাসও ছিল। পুলিশ জানতে চায় কোথায় যাবেন? এ সময় ভ্যানের চুপচাপ ছাগলটি হঠাৎ ব্যা-ব্যা করে ডেকে ওঠে। ভ্যানের এক নারী যাত্রী বলেন, ঈদের দাওয়াতে তাঁর বাবার বাড়ি যাচ্ছেন। পুলিশ জানতে চায় ছাগল ব্যা ব্যা করে উঠল কেন? যাত্রীদের মধ্যে সবচেয়ে ছোট শিশুটি বলে দেয় যে পুলিশ যাতে ছেড়ে দেয়, এ জন্য সে ছাগলকে চিমটি কেটেছে। এ কথা শুনে পুলিশ হেসে ওঠে। ছাগল কেন নিয়ে যাচ্ছে জানতে চাইলে তাঁরা জানান, বাড়িতে ছাগলটি দেখাশোনা করার মতো কোনো লোক নেই। তাই কুটুমবাড়িতে ছাগল নিয়েই যাচ্ছেন। এসব কথা শুনে পুলিশ তাঁদের ছেড়ে দেয়।

কঠোর বিধিনিষেধে ঘরের বাইরে বের হওয়া মানুষকে সেনাবাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে। শুক্রবার রাজশাহী নগরের শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বরে
ছবি: শহীদুল ইসলাম

তার একটু আগে আরেকটি ভ্যান আটকায় পুলিশ। তাতে নারী-পুরুষ ও শিশুসহ ছয়জন যাত্রী ছিলেন। এই যাত্রীরা যাবেন রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে। পরিবারের সদস্যদের নিয়ে এসেছিলেন রাজশাহী শহরে শ্বশুরবাড়িতে ঈদের দাওয়াত খেতে। মোড়েই পুলিশ তাঁদের থামিয়ে ভ্যান থেকে নামিয়ে দেয়। তাঁরা হেঁটে যেতে থাকেন। রাজশাহী নগরের ভেতরেই সামনে আরও কয়েকটি চেকপোস্ট বসেছে। তাঁদের অনেক দূর পর্যন্ত হেঁটে যেতে হবে। পুলিশ তাঁদের হেঁটে যেতে বাধ্য করে। এই ভ্যানে যে নারী যাত্রী ছিলেন তিনি বলেন, ঈদের পরে আত্মীয়স্বজনের বাড়িতে সবাই যাবে। তাঁরা ভেবেছিলেন ২৭ জুলাই পর্যন্ত সে সময় পাওয়া যাবে। এ জন্যই তাঁরা বেড়াতে এসে থেকে গিয়েছিলেন। তিনি বলেন, কোরবানির ঈদের এক সপ্তাহ পর্যন্ত ঈদের আমেজ থাকে। মানুষ আত্মীয়স্বজনের বাড়িতে আসা-যাওয়া করে। এতে কেউ কোনো দিন বাধা দেয়নি। এবার আত্মীয়ের বাড়িতে এসে বিপদে পড়েছেন।

এদিকে রাজশাহী শহরের প্রাণকেন্দ্র সাহেববাজার জিরো পয়েন্টে আনসার ব্যাটালিয়নের সদস্যরা তাঁদের দায়িত্ব পালন করছেন। যাঁদের হাতে ন্যূনতম একটি বাজারের ব্যাগ রয়েছে বা যাঁরা চিকিৎসকের কাছে যাচ্ছেন, তাঁরা তাঁদের ছেড়ে দিচ্ছেন। অন্যদের ফেরত পাঠাচ্ছেন। এই জিরো পয়েন্টে শহরের সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়। আজ সেই ভিড় নেই। বাজারের কোনো দোকানপাটও খোলা নেই। পাশেই বড় মসজিদের সামনে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা চলছে। সেখানে যাঁরা যাচ্ছেন, তাঁরা অনায়াসেই যাচ্ছেন। এ ছাড়া অন্য অজুহাতে যাঁরা যাওয়ার চেষ্টা করছেন, আনসার সদস্যরা তাঁদের জেরা করছেন।

কঠোর বিধিনিষেধে এই মোটরসাইকেল চালক তিন শিশুকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হয়েছিলেন। দায়িত্বরত আনসার সদস্যরা তাঁকে আটকে দেন। শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী নগরের সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায়
ছবি: আবুল কালাম মুহম্মদ আজাদ

মোটরসাইকেলে তিনটি শিশুসহ এক ব্যক্তি জিরো পয়েন্ট হয়ে আলু পট্টির দিকে যাচ্ছিলেন। আনসার সদস্যরা তাঁকে ধরে থামালেন। মোটরসাইকেলের চালক বলেন, তিনি বাচ্চাদের নিয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এই মোটরসাইকেল থামিয়ে আনসার সদস্য অনেকক্ষণ ধরে কথা বলতে থাকেন, তাঁরা মানুষকে বাঁচাবেন কী করে, মানুষ যদি নিজে সচেতন না হয়। এই বাচ্চাগুলোকে নিয়ে কোন হিসেবে তিনি ঈদের আনন্দ করতে বের হয়েছেন? মোটরসাইকেলের চালক কোনো জবাব দিতে পারেন না। চুপচাপ মোটরসাইকেলের ওপরে বাচ্চাদের নিয়ে বসে থাকেন। একপর্যায়ে আনসার সদস্যটি নিজের মনের ক্ষোভ প্রকাশ করে তাঁকে ছেড়ে দিলেন।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে ব্যাটারিচালিত একটি অটোরিকশার ওপরে দেখা যায়, তৈজসপত্রের একটি বস্তা। আর রিকশার ভেতরে একটি মেয়ে পাখির খাঁচা ধরে আছে। পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন রিকশার ভেতরেই। পুলিশ আরেকটি যানবাহন নিয়ে ব্যস্ত থাকার সুযোগে তাঁরা পুলিশের দৃষ্টি এড়িয়ে শহরের দিকে এগিয়ে যান।

রাজশাহী নগরের আরও কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ঈদের পরে দাওয়াত রক্ষা করতে কুটুমবাড়িতে যাওয়ার জন্য কিছু মানুষ বের হয়েছেন। আর কিছু মানুষ বাইরে এসেছেন ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কিনতে। তবে আগের মতো রাস্তাঘাটে যানবাহন নেই। অনেকেই বাজার করে হেঁটেই বাড়ি ফিরছেন।