কঠোর বিধিনিষেধের প্রথম দিনে বাগেরহাটে রাস্তাঘাট ফাঁকা

বাগেরহাটে বিনিধিষেধের প্রথম দিন রাস্তাঘাট ফাঁকা দেখা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের ভিআইপি মোড়েপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বাগেরহাটে জারি করা সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ বৃহস্পতিবার। বিধিনিষেধের আওতায় বন্ধ ঘোষণা করা হয়েছে অভ্যন্তরীণ ১৬টি রুটে সব ধরনের যান চলাচল। বন্ধ দোকানপাট, শপিং মল। এ কারণে সকাল থেকে শহরের রাস্তাঘাট ছিল ফাঁকা।

বিনা প্রয়োজনে যাতে মানুষ বাইরে ঘোরাঘুরি না করে এবং প্রশাসনের দেওয়া বিধিনিষেধ যাতে সবাই মেনে চলে, সে জন্য মাঠে টহল দিচ্ছে পুলিশ ও প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা নিচ্ছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সকাল থেকে কোনো বাস ছাড়েনি বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে। শহরের সাধনার মোড়, মিঠাপুকুরপাড়, রেল রোড, মেইন রোড়, রাহাতের মোড় ও খানজাহান আলী সড়কের সব দোকানপাট বন্ধ রয়েছে।

গত ২৬ মে থেকে বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ বেড়তে থাকে। প্রথমে কেবল মোংলা উপজেলায় ছিল ঊর্ধ্বমুখী সংক্রমণ, যা এখন ছড়িয়ে পড়েছে পুরো জেলায়। স্বাস্থ্য বিভাগের হিসাবে, জেলায় ১৫ দিন ধরে করোনা সংক্রমণের গড় হার ৪২ শতাংশ। এর পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা থেকে সিদ্ধান্তের পর জেলাজুড়ে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। প্রাথমিকভাবে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত এ বিধিনিষেধ আরোপ থাকবে।

তবে কঠোর বিধিনিষেধের মধ্যে বাগেরহাটের মোংলা বন্দরে আসা দেশি-বিদেশি জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেডের সব কারখানায় স্বাস্থ্যবিধি মেনে কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

কঠোর বিধিনিষেধের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দোকান (কাঁচা ও মাছবাজার), মুদি দোকান ও খাবারের দোকান সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা রাখা যাবে। খোলা রাখা যাবে ওষুধের দোকানসহ জরুরি সেবাসমূহ।

হোটেল–রেস্টুরেন্ট খোলা রাখলেও থাকছে না বসে খাওয়ার সুযোগ, কেবল পার্সেল নেওয়া যাবে। কাঁচাবাজারগুলো স্বাস্থ্যবিধি মেনে পরিচালনার জন্য যথাসম্ভব খোলা স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। এ ছাড়া বন্ধ থাকবে সব পার্ক, রিসোর্টসহ পর্যটনকেন্দ্র, জনসমাবেশ, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান। এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

বাগেরহাটে করোনার সংক্রমণ বাড়ায় প্রশাসন সাত দিনের কঠোর বিধিনিষেধ দেওয়ায় সকাল থেকে জেলার ১৬টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মালিক সমিতি প্রশাসনকে সহযোগিতা করছে।

তারপরও অনেক মানুষ বের হচ্ছে। বিধিনিষেধ বাস্তবায়নে সকাল সাতটার আগে থেকে মাঠে নামে পুলিশ ও প্রশাসন। সকাল নয়টার দিকে শহরের লিচুতলা এলাকার কাঠ ও ফার্নিচার প্রস্তুতের কয়েকটি দোকান খুলতে দেখা যায়। অবশ্য আধা ঘণ্টার মধ্যেই পুলিশ এসে সেগুলো বন্ধ করে দেয়। এ সময় হেঁটে হেঁটে প্রতিটি দোকানের কাছে গিয়ে দোকান বন্ধ কি না, যাচাই করতেও দেখা যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, ‘আমরা যথাসম্ভব ধৈর্য নিয়ে মানুষকে বুঝিয়ে বিধিনিষেধ পালনের চেষ্টা করছি। শহরের সব কটি প্রবেশপথে পুলিশের চেকপোস্ট করা হয়েছে।’

সকাল সাড়ে আটটার দিকে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মোড়ে দেখা যায় একদম ফাঁকা। দোকানপাট বন্ধ। রাস্তায় বের হওয়া ব্যক্তিদের দাঁড় করিয়ে কারণ জানতে চাইছে পুলিশ। বিনা কারণে বেরিয়ে পুলিশের হাতে আটক একজন অনুরোধ করছেন তাঁর মোটরসাইকেলটি ছেড়ে দিতে। সেখান থেকে পূর্ব দিকে কিছুটা এগিয়ে শহরের একটি প্রবেশপথ দড়াটানা সেতু। টোল প্লাজার সামনে পুলিশ দাঁড় করাচ্ছে সবাইকে। ট্রাক-লড়ি ছাড়া কোনো যানবাহন শহরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অবশ্য কিছু মোটরসাইকেল ঢুকতে ও বের হতে দেখা যায় বিনা জিজ্ঞাসায়। এ সময় ছবি তুলতে গেলে নিষেধ করেন দায়িত্বরত পুলিশের সার্জেন্ট। সাংবাদকর্মী পরিচয় দেওয়ার পরও জানিয়ে দেন, এদিকে ছবি তোলা যাবে না। এ সময় পুলিশ পরিচয় দিয়ে রিকশা নিয়ে ঢুকতে দেখা যায় একজনকে। টোল প্লাজার আগে অটোরিকশা, ইজিবাইক যাত্রী নামিয়ে দিলে মানুষ হেঁটে ঢুকছে শহরে।

উপযুক্ত কারণ দেখাতে না পারলে আটকে দেওয়া হচ্ছে যানবাহন। বৃহস্পতিবারর সকাল পৌনে ৯টার দিকে বাগেরহাটের দড়াটানা সেতু এলাকায়।
প্রথম আলো

তাঁদের একজন সাদিয়া আফরিন (২৮) বলেন, ‘কোন্ডলা গ্রামের বাড়ি থেকে ফিরছি। অসুস্থ দাদিকে দেখতে গিয়েছিলাম গতকাল। এখন শহরে স্বামীর বাড়িতে যাচ্ছি। ইজিবাইক থেকে নামিয়ে দেওয়ায় এখন হেঁটে যেতে হচ্ছে। এটা তো আমাদের জন্য দুর্ভোগ।’ তবে অনেকেই বেরিয়ে ছিলেন, যাঁরা কারণ জানাতে পারেননি। এমন এক ব্যক্তিকে সকাল পৌনে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে ফিরিয়ে দেওয়া হয় শহরের লিচুতলা এলাকা থেকে।

বাগেরহাট জেলা প্রশাসনের কার্যালয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনে জেলা প্রশাসনের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাস্ক বিতরণের পাশাপাশি যাঁরা স্বাস্থ্যবিধি মানছে না, তাদের লঘুদণ্ড (ন্যূনতম জরিমানা) করা হচ্ছে। প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাট আন্তজেলা বাস–মিনিবাস মালিক সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, বাগেরহাটে করোনার সংক্রমণ বাড়ায় প্রশাসন সাত দিনের কঠোর বিধিনিষেধ দেওয়ায় সকাল থেকে জেলার ১৬টি অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মালিক সমিতি প্রশাসনকে সহযোগিতা করছে।

গতকাল পর্যন্ত বাগেরহাট জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ২ হাজার ৭৫২। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪৩ জন। মারা গেছেন ৭৩ জন। বাকি ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাগেরহাটে করোনা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ১৫ দিন যাবৎ জেলায় করোনায় আক্রান্তের গড় হার ৪২ শতাংশ। কয়েক দিনে স্থানীয় সাংসদ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, স্বাস্থ্য বিভাগ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সবার কাছ থেকে যে তথ্য এসেছে, তা হলো মানুষ করোনার টেস্ট করতে চান না। অনেকেই করোনার উপসর্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা ঘুরে বেড়ানোর কারণে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় আজ সকাল ছয়টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত সারা জেলায় সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সকলে ঘরে থাকতে অনুরোধ জানান তিনি।