কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সিলেটের রাস্তা ফাঁকা
দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে সিলেট মহানগর ও আশপাশ এলাকার সড়কগুলোতে দু-একটি মোটরসাইকেল ও রিকশা ছাড়া তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অন্যদিকে সিলেট-ঢাকা মহাসড়কও ফাঁকা ছিল।
আজ শুক্রবার সকালে সিলেট নগর, শহরতলি ও মহাসড়ক এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। কঠোর বিধিনিষেধ শুরুর পর থেকেই সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় সাইরেন বাজিয়ে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স দলের প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।
নগরের ব্যস্ততম এলাকা জিন্দাবাজার, বন্দরবাজার, রিকাবীবাজার, মদিনা মার্কেট, সোবাহানীঘাট, দক্ষিণ সুরমার কদমতলী, হুমায়ুন রশীদ চত্বর এলাকায় সরেজমিনে ঘুরে সুনসান নীরবতা লক্ষ করা গেছে। তবে মাঝেমধ্যে সড়কে টহলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দে সেই নীরবতা ভাঙছিল।
নগরের অভ্যন্তরে প্যাডেলচালিত রিকশা চলাচল করতে দেখা গেলেও সেটির সংখ্যাও ছিল অত্যন্ত কম। তেমন যাত্রী না থাকায় ফুটপাতে রিকশা থামিয়ে রেখে অনেক চালককে অবসর সময় কাটাতে দেখা গেছে।
এদিকে বিকেলে নগরের চৌহাট্টা এলাকায় সাইরেন বাজিয়ে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের কুইক রেসপন্স দলের প্রায় ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল মহড়া দিতে দেখা গেছে।
সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ফহাদ মোহাম্মদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষকে ঘরে রাখতে এবং সড়কে যানবাহন নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। নগরের অভ্যন্তরের মোড়গুলোতে পুলিশের পাশাপাশি কুইক রেসপন্স দলের সদস্যরা ভ্রাম্যমাণ অবস্থায় দায়িত্ব পালন করছেন।’
সিলেট-ঢাকা মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অ্যাম্বুলেন্স ও জরুরি খাদ্যপণ্যবাহী গাড়ি ছাড়া কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। এদিকে শহরের ছোট-বড় শপিং মলগুলো বন্ধ থাকলেও পাড়া-মহল্লায় নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকতে দেখা গেছে।
জেলা পুলিশ নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সড়ক ও মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম)
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বি এম আশরাফ উল্যাহ জানান, সাধারণ মানুষের সুরক্ষায় পুলিশ মাঠে থেকে দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষ যেন কঠোর বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে ঘরের বাইরে বের না হয়, সে জন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন, জেলা পুলিশ নিজ নিজ এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সড়ক ও মহাসড়কে তল্লাশিচৌকি বসিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। কঠোর বিধিনিষেধের ব্যাপারে মানুষকে সচেতন করতে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে বলেও জানান তিনি।