কঠোর বিধিনিষেধের মধ্যেও সীতাকুণ্ডে যানজট
সরকারঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের আওতায় গণপরিবহন বন্ধ থাকলেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে যানজটের সৃষ্টি হয়েছে। এতে অক্সিজেনবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স ও অন্যান্য পণ্যবাহী গাড়ি আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন অ্যাম্বুলেন্সে থাকা রোগীসহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয় লোকজনের দাবি, ভাটিয়ারী টোবাকো গেট এলাকার একটি কনটেইনার ডিপোতে আসা পণ্যবাহী গাড়িগুলোর অবৈধ পার্কিংয়ের কারণে এক সপ্তাহ ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। কখনো কখনো এ যানজট উভয় দিকে ছয় কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়। হাইওয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় কয়েক দিন ধরে এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ স্থানীয় লোকজনের।
সীতাকুণ্ডের একটি কারখানা থেকে ৪৪টি সিলিন্ডার নিয়ে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন রফিকুল ইসলাম।মাদামবিবিরহাট পার হওয়ার পর থেকেই তিনি যানজটে পড়েন। এরপর এক কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর ৫০ মিনিট সময় লেগেছে।
আজ দুপুরে সরেজমিনে দেখা যায়, পোর্ট লিংক কনটেইনার ডিপোর সামনে থেকে সৃষ্টি হওয়া যানজট চট্টগ্রামমুখী লেনে অন্তত তিন কিলোমিটার ছাড়িয়ে গেছে। এ সময় সেখানে প্রায় ১০টি অ্যাম্বুলেন্স ও হাসপাতালমুখী ২টি অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
সেখানে অপেক্ষমাণ অক্সিজেনবাহী গাড়ির চালক রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের একটি কারখানা থেকে ৪৪টি সিলিন্ডার নিয়ে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন তিনি।মাদামবিবিরহাট পার হওয়ার পর থেকেই তিনি যানজটে পড়েন। এরপর এক কিলোমিটার পথ পাড়ি দিতে তাঁর ৫০ মিনিট সময় লেগেছে। কিন্তু জরুরি ভিত্তিতে অক্সিজেনগুলো হাসপাতালে পৌঁছে দেওয়া প্রয়োজন বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, ‘এক সপ্তাহ ধরে প্রতিদিনই এখানে যানজট তৈরি হচ্ছে। কঠোর লকডাউনের মধ্যেও এখানকার যানজট প্রশাসনের চোখে পড়ছে না দেখে আমরা অবাক!’
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সীতাকুণ্ডের পোর্ট লিংক কনটেইনার ডিপো, বিএম কনটেইনার ডিপো, কেডিএস লজিস্টিক—এই তিনটি কনটেইনার ডিপোতে গাড়ি প্রবেশ বন্ধ ছিল। এ কারণে ১৮ জুলাই থেকে ডিপোর পণ্যবাহী গাড়িগুলো মহাসড়কে অবস্থান নেয়।
তবে গতকাল দুটি ডিপোতে গাড়ি প্রবেশ করেছে। বর্তমানে পোর্ট লিংক কনটেইনার ডিপোর সামনের গাড়িগুলো সরানোর কাজ চলছে। ওই এলাকা যানজটমুক্ত করতে পুলিশের দুটি মোবাইল টিম কাজ করছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে কনটেইনার ডিপোর সামনে যানজট দেখা যাচ্ছে। তিনি নিজেও একাধিকবার যানজট ছাড়িয়েছেন। তবে বিষয়টি স্থায়ীভাবে সমাধানের জন্য জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।