কঠোর লকডাউনেও ঝুঁকি নিয়ে চলছে মোটরসাইকেলে যাত্রী পরিবহন
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দেশব্যাপী কঠোর লকডাউন ঘোষণা করেছে। এর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যন্ত্রচালিত যানবাহনের চলাচল বন্ধ থাকবে।
কিন্তু লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চলছে মোটরসাইকেলে যাত্রী আনা-নেওয়া। এক মোটরসাইকেলে গাদাগাদি করে এসব যাত্রী বহন করা হচ্ছে।
আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সরাইল বিশ্বরোড মোড় এলাকায় অবস্থান করে ঢাকা-সিলেট মহাসড়কে এসব মোটরসাইকেল চলতে দেখা যায়। সরাইল উপজেলার অরুয়াইল, শাহবাজপুর, জেলার নাসিরনগর, আশুগঞ্জ ও জেলা সদরে যাত্রী আনা নেওয়া করা হচ্ছে।
প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া নেওয়া হচ্ছে ১৫-২০ টাকা। অনেক মোটরসাইকেলে চালক ছাড়াও দুজন করে যাত্রী বহন করতে দেখা যায়। অধিকাংশ যাত্রীর মুখেই মাস্ক ও মাথায় হেলমেট পরতে দেখা যায়নি।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গত ২২ জুন থেকে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করতে ঢাকা-সিলেট মহাসড়কে দূরপাল্লার সব গণপরিবহন বন্ধ রাখা হয়। এরপর গত ২৮ জুন থেকে সব ধরনের গণপরিবহন বন্ধ করা হয়। ১ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হওয়ায় সড়ক, মহাসড়কে যাত্রীবাহী পরিবহন বন্ধ হয়ে যায়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলে করে যাত্রী পরিবহনের বিষয়টি তাঁর জানা নেই। রোববার ভোর থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তিনি ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে ছিলেন। কিন্তু তখন এমনটি দেখেননি। সাধারণত কোনো মোটরসাইকেলে তিনজন আরোহী পেলেই মামলা করা হয়।