কঠোর লকডাউনের আগে রাজশাহীতে সহায়তা পেল চার সহস্রাধিক পরিবার
সারা দেশে ঘোষিত কঠোর লকডাউনের আগে রাজশাহী সিটি করপোরেশনসহ আশপাশের এলাকায় সাড়ে ৪ হাজারের বেশি পরিবারকে সহায়তা দিয়েছে সরকার। আজ বুধবার দিনের বিভিন্ন সময় পরিবারগুলোকে রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী জেলা প্রশাসন ও মহানগর পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
আজ বিকেলে রাজশাহী শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে সিটি করপোরেশনের পক্ষ থেকে ৩ হাজার ৫০ পরিবারের মাঝে চাল ও ডাল বিতরণ করা হয়। দুপুরে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধীসহ ২৫০ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়। এ ছাড়া রাজশাহী মহানগর পুলিশের পক্ষ থেকে ১ হাজার ৪০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
সিটি করপোরেশন ও জেলা প্রশাসন সূত্র জানায়, কাল বৃহস্পতিবার থেকে সপ্তাহব্যাপী কঠোর লকডাউন শুরু হবে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবেন না। এ সময় বন্ধ থাকবে প্রায় সবকিছু। এই পরিস্থিতিতে যাতে কেউ খাদ্য সংকটে না পড়েন, সে জন্য রাজশাহীতে এই সহায়তা দেওয়া হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশন নগরের ১২টি পেশাজীবী সংগঠনের ৩ হাজার ৫০ জন সদস্যের মধ্যে ১০ কেজি চাল ও ১ কেজি করে ডাল বিতরণ করা হয়। ১২টি পেশাজীবী সংগঠনের মধ্যে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ৪০০ জন, রিকশা-ভ্যান শ্রমিক লীগের ৪০০ জন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ৪০০ জন, সেলুন শ্রমিক ইউনিয়নের ৩০০ জন, হোটেল কর্মচারী ইউনিয়নের ৩০০ জন, ওয়েল্ডিং শ্রমিক লীগের ২০০ জন, দর্জি শ্রমিক ইউনিয়নের ১০০ জন, জেলা অটোরিকশা/অটোটেম্পো চালক সমিতির ২০০ জন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের ২০০ জন, মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের ২০০ জন, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার ২৫০ জন, সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের ১০০ জন রয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকায় ও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার মোট ২৫০ জনকে সাড়ে ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ১০০ প্রতিবন্ধীকে ১ হাজার টাকা করে, ১০০ মুক্তিযোদ্ধা পরিবারকে ২ হাজার টাকা করে এবং গরিব ও অসহায় ৫০ পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। কঠোর লকডাউনের আগে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এই সহায়তা কর্মসূচি চলমান থাকবে।
বুধবার সন্ধ্যায় মহানগর পুলিশের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী পুলিশ লাইনস মাঠে ৬০০ দুস্থ পরিবারকে চাল, ডাল, আলু, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়। রাত ৮টার দিকে কাটাখালী পৌরসভা মাঠে আরও ৮০০ পরিবারকে একই সহায়তা পুলিশের পক্ষ থেকে দেওয়া হয় বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. গোলাম রুহুল কুদ্দুস।