১৩ নভেম্বর সন্ধ্যা সাতটা। নগরের জেলা শিল্পকলা একাডেমীর বাইরে তখন আলো-আঁধারি পরিবেশ। আর শিল্পকলার গ্যালারি মিলনায়তনের নিচতলায় চলছিল আলোর উৎসব। প্রদীপের আলোয় আলোকিত গ্যালারির নিচতলার পুরোটা।
এভাবেই প্রদীপ জ্বালিয়ে সেদিন নিজেদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছিলেন আবৃত্তি সংগঠন কণ্ঠনীড়-এর শিল্পীরা।
‘আমরা চলেছি পথ, সূর্যোদয়ের দিকে’ স্লোগানে এক বছর পার করা আবৃত্তি সংগঠনটির জন্মদিনের আয়োজনে ছিল গান, কবিতা ও কথামালার পরিবেশনা।
আয়োজন শুরু হয় আবৃত্তিশিল্পী খালিদ হাসানের পরিবেশনার মধ্য দিয়ে। তিনি শোনান পূর্ণেন্দু পত্রীর কবিতা ‘সেই গল্পটা’। এরপর ‘ফাঁসির মঞ্চ থেকে বলছি’ শিরোনামের কবিতা আবৃত্তি করেন আসিফুজ্জামান।
বেশ কয়েকটি আবৃত্তির পর শুরু হয় গান। পূর্ণিমা দেবনাথ গেয়ে শোনান মৌসুমি ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন’ ও প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলায় গান গাই’ গান দুটো। পরিবেশনার ফাঁকে ফাঁকে মঞ্চে এসে শুভেচ্ছা জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাহমান নাসির উদ্দীন, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, মিশফাক রাসেল, মাহবুবুর রহমান, এহতেশামুল হক, আসাদ মুরাদ, সাইদুল ইসলাম, সেলিম রেজা ও আরিকা মাইশা। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন সুজন মাজহার ও দেলোয়ার হোসেন। শেষে কেক কেটে সংগঠনের জন্মদিন উদ্যাপন করেন সদস্যরা।