
ঘুঙুরের রিনিঝিনি ছন্দ ও তালে মুখর হয়ে উঠেছিল নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। উপস্থিত দর্শক দেখেছেন কত্থক নৃত্যের অপূর্ব মঞ্চায়ন। কত্থক নাচের ছন্দে দর্শক হৃদয় জয় করে নিলেন তিলোত্তমা সেনগুপ্তা।
১২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় তিলোত্তমার একক কত্থক নাচের আয়োজন করে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ফেইমের ‘ছন্দে, নাট্যে শারদ আবাহন’ শিরোনামে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন ছিল এই নাচের অনুষ্ঠান।
কত্থক নাচে তাল ও লয়ের খেলা আছে। আছে অভিনয়শৈলী। সব মিলিয়ে জমজমাট এক আসরই উপহার পেলেন দর্শক। অনুষ্ঠানের শুরুতে ‘গুরুবন্দনা’ নৃত্য পরিবেশন করেন তিলোত্তমা। এরপর একে একে পরিবেশন করেন কৃষ্ণবন্দনা, উকট, দাদরা, ঠুমরি, ঠাঁট, আমোট, লারি, ভজন, দোল, অষ্ট নায়িকা ভেদ, মাখনছড়ি, যুগলবন্দী, তারানা। লক্ষ্ণৌ ঘরানার কত্থক রীতির দ্যুতি ছড়ানো নাচ উপভোগ করেন দর্শক।
অনুষ্ঠানের মাঝামাঝি ছিল দলীয় পরিবেশনা। তিলোত্তমা সেনগুপ্তার পরিচালনায় এ পরিবেশনায় অংশ নেন ফেইমের নৃত্য বিভাগের শিল্পীরা।
এ আয়োজনে শিল্পীকে আবহ সংগীতে সহযোগিতা করেন শর্মিলা চক্রবর্তী ও প্রকাশ রায়, তবলায় রনি চৌধুরী, আবৃত্তিতে অঞ্চল চৌধুরী ও নিশিগন্ধা দাশগুপ্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুবিদুর রহমান ।
উল্লেখ্য, ভারতের ন্যাশনাল স্কুল অব কত্থক ডান্স, কত্থক কেন্দ্রের সাবেক শিক্ষার্থী তিলোত্তমা সেনগুপ্তা উপমহাদেশের প্রখ্যাত কত্থক নৃত্যগুরু বিরজু মহারাজের কাছ থেকে তালিম নিয়েছেন।
তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ ও ভারতের মঞ্চে কত্থক নাচ পরিবেশন করেছেন।