কথা না শোনায় গাছের সঙ্গে বেঁধে মারধর
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পুরাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মান্নান ফকিরের বিরুদ্ধে এক ইউপি সদস্যের স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার দফা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার পুরাপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মান্নান ফকির ও তাঁর সমর্থকেরা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা বেগমের স্বামী বাবলু মোল্লাকে (৩৮) গাছের সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়েছেন। সকালে মান্নান ফকিরের ছেলে কামাল হোসেন, ভাতিজা কাইয়ুম ফকিরসহ ৩০-৪০ জনের একটি দল বাবলুকে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। দফা গ্রামে মান্নান ফকিরের বাড়ির কাছে কালীমন্দির বটতলায় নিয়ে তাঁরা তাঁকে মারধর করেন। এরপর পার্শ্ববর্তী একটি দোকানের সামনের মেহগনিগাছের সঙ্গে বাবলুকে বেঁধে আরেক দফা পেটানো হয়। বাবলু অচেতন হয়ে গেলে তাঁরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
রেহানা বেগম অভিযোগ করেন, ‘মান্নান ফকিরের কথামতো রেশনের কার্ড বিতরণ না করায় তিনি আমার ওপর ক্ষিপ্ত ছিলেন। এ কারণে তিনি ও তাঁর লোকজন আমার স্বামীকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করেছেন। তাঁর চিকিৎসা শেষে এ বিষয়ে আইনের আশ্রয় নেব।’
তবে মান্নান ফকির এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাবলু মোল্লা একসময় আমার অনুসারী ছিলেন। পরে তিনি বর্তমান চেয়ারম্যানের পক্ষে কাজ করেন। আমার লোকজন বাবলুকে ধরে এনে মারধর করেছে। কিন্তু এর সঙ্গে আমি জড়িত নই। ঘটনা জানতে পেরে তাঁর বাড়ির লোকজনকে খবর দিয়েছি।’
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘ঘটনার কথা শুনেছি। এ বিষয়ে একজন কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাবলু মোল্লার সাক্ষ্য নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’