কথা–কাটাকাটি থেকে দুই ভাইকে একসঙ্গে কুপিয়ে হত্যা
যশোরের চৌগাছা উপজেলায় দুই ভাইকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে উপজেলার টেঙ্গুরপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চৌগাছা উপজেলার টেঙ্গুরপুর গ্রামের আবদুর রহমান খানের দুই ছেলে ইউনুস আলী খান (৬০) ও আইয়ুব আলী খান (৫৫)। পেশায় তাঁরা দুজনই কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে চৌগাছার টেঙ্গুরপুরে পূর্ববিরোধের জেরে আইয়ুব ও ইউনুসের সঙ্গে স্থানীয় বাসিন্দা বিপুল, মুকুল ও বিল্লালের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আইয়ুব ও ইউনুসকে কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
হামলাকারী বিপুল, মুকুল ও বিল্লাল নিহত ব্যক্তিদের বাড়িতে শ্রমিকের কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার সরকার বলেন, পূর্বশত্রুতার জেরে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিপুল, মুকুল, বিল্লালসহ কয়েকজন আইয়ুব ও ইউনুস নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেন। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।