কথিত বিমাকর্মীর ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কয়েকটি গ্রামের শতাধিক ব্যক্তির আমানতের ৫০ লক্ষাধিক টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার কোহিনুর আক্তার (৩৫) নামে কথিত এক বিমাকর্মী হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে কয়েক দিন ধরে তিনি পলাতক। এ বিষয়ে ভুক্তভোগী একাধিক নারী স্থানীয় বিমা সমিতির আহ্বায়ক ও পুলিশের কাছে বুধবার অভিযোগ করেন।
অভিযুক্ত কোহিনুর আক্তারের বাড়ি উপজেলার চরমুকুন্দি গ্রামে। তিনি একই গ্রামের সৌদিপ্রবাসী মো. আবদুল হাইয়ের স্ত্রী। কোহিনুর দীর্ঘদিন ধরে উপজেলা সদর বাজার এলাকায় অবস্থিত মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ইসলামি বিমা (তাকাফুল) কার্যালয়ের একজন মাঠকর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে আসছিলেন।
কোহিনুর আক্তার বেশি মুনাফার দেওয়ার কথা বলে উপজেলার চরমুকুন্দি, চরনিলক্ষ্মী, উদ্দমদী, কলাদী, নবকলসসহ আশপাশের আরও পাঁচটি গ্রামের শতাধিক ব্যক্তির কাছ থেকে ৫০ লক্ষাধিক টাকা ও কিছু স্বর্ণালংকার আমানত হিসেবে আদায় করেন। পরিবারের কাউকে না জানিয়ে এসব ব্যক্তি কথিত বিমাকর্মী কোহিনুরের কাছে এসব আমানত জমা রাখেন। ভুয়া রশিদের মাধ্যমে এবং কারও কারও কাছ থেকে রশিদ ছাড়াই এসব আদায় করেন। বিভিন্ন মেয়াদ শেষে ভাতাসহ আসলের প্রায় দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। প্রথমে চরমুকুন্দি এলাকার কয়েক নারীর কাছ থেকে কয়েকটি বেসরকারি সংস্থা (এনজিও) এবং বিভিন্ন বিমা কোম্পানির নাম ভাঙিয়ে আমানত সংগ্রহ করে তাঁদের লাভসহ আসল টাকা ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করেন। সেই বিশ্বাস পুঁজি করেই ওই নারী এসব হাতিয়ে নিয়েছেন।
উপজেলার নবকলস গ্রামের ভুক্তভোগী গৃহবধূ শাহনাজ বেগম বলেন, প্রায় ছয় মাস আগে দ্বিগুণ লাভ পাইয়ে দেওয়ার কথা বলে আমানত হিসেবে তাঁর কাছ থেকে তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নেন কোহিনুর। এসব টাকা ও স্বর্ণালংকার রশিদের মাধ্যমে নেওয়া হয়। শর্ত অনুসারে, বিষয়টি গোপন রাখেন এবং তাঁর স্বামীকেও জানাননি।
শাহনাজ বেগম আরও বলেন, টাকা ও স্বর্ণালংকার নেওয়ার পর প্রথম কয়েক মাস তাঁর সঙ্গে কোহিনুরের যোগাযোগ ছিল। এরপর তেমন যোগাযোগ ছিল না। দু-তিন দিন আগে কোহিনুরের বাড়ি গিয়ে দেখেন, তাঁর ঘর তালাবদ্ধ। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ। পরে জানতে পারেন, কোহিনুর তাঁর মতো এভাবে অনেকর সঙ্গে প্রতারণা করে কয়েক দিন আগে টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে পালিয়ে গেছেন। বিষয়টি পুলিশ ও স্থানীয় বিমা কোম্পানির সমিতিকে জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমুকুন্দি গ্রামের জ্যোৎস্না বেগমের ৩ লাখ ২০ হাজার, লাকি আক্তারের ১ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার, শাহানারা বেগমের ২ লাখ, রোজিনা আক্তারের ১ লাখ, পারুল বেগমের ৪ লাখ, শুক্কুর আলীর দেড় লাখ ও শেফালী আক্তারের ১ লাখ ৭০ হাজার টাকাসহ আশপাশের গ্রামের আরও অনেকের কাছ থেকে আমানত হাতিয়ে নিয়েছেন কোহিনুর।
এ বিষয়ে জানার জন্য কোহিনুর আক্তারের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। তাঁর পরিবারের কারও বক্তব্যও নেওয়া যায়নি। উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত মেঘনা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ইসলামি বিমার (তাকাফুল) মহাব্যবস্থাপক (জিএম) মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তিনি জেনেছেন। কোহিনুর আক্তার নামে তাঁর কোম্পানিতে কোনো মাঠকর্মী নেই। তাঁর কোম্পানির নাম ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়েছে।
উপজেলা বিমা সমিতির আহ্বায়ক মো. শামীম হোসেন মিয়াজী বলেন, ৫০ লক্ষাধিক টাকা ও ২০ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি ওই নারী বিমাকর্মী হয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, মৌখিক অভিযোগ পেয়েছেন, লিখিত অভিযোগ পাননি। লিখিত অভিযোগ পেলে পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।